টাকা নিয়ে প্রতারক নিজেই ইতালিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখেমুখে ছিল সোনালি ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। মা-বাবা-স্ত্রী-সন্তান নিয়ে সুখে-শান্তিতে থাকার স্বপ্নে ১৪ যুবক জমিজমা, দোকানপাট বিক্রি ও ধারদেনা করে ইতালি যাওয়ার জন্য একজনের হাতে তুলে দেন প্রায় দেড় কোটি টাকা। কিন্তু ওই ব্যক্তি তাঁদের না নিয়ে নিজেই ইতালি পাড়ি জমিয়েছেন। সর্বস্ব হারিয়ে এখন তাঁরা নিঃস্ব, দিশেহারা ও পাগলপ্রায়।প্রতারক ওই ব্যক্তির নাম মিজানুর রহমান ওরফে সেন্টু। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা বেলতলী গ্রামের এই বাসিন্দা দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে থাকেন। প্রায় দুই বছর আগে গ্রামের বাড়িতে এসে তিনি ইতালিতে বেশ কিছু লোক নেওয়ার কথা বলে বিভিন্ন এলাকার ১৪ যুবকের কাছ থেকে প্রায় এক কোটি ৩৮ লাখ টাকা নেন। প্রতারিত ব্যক্তিদের মধ্যে মহিব উদ্দিনের বড় ভাই মো. শাহাবুদ্দিন, মো. হারুন অর রশিদ ও শফি শিকদার মিজানুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা করেছেন। এর মধ্যে একটি মামলায় মিজানুরের চাচা হাশেম শিকদারকে সখীপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে।প্রতারিত ব্যক্তিদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে টাকা নিলেও মিজানুর ইতালি পাঠাতে টালবাহানা শুরু করেন। চাপ দিলে বারবার সময় নেন এবং একপর্যায়ে রোপন খান ও শফি শিকদারকে দুটি ভিসা দেন। ভিসা দুটি জাল ধরা পড়লে মিজানুর গত ১৬ মে গোপনে ইতালি চলে যান।প্রতারিত বাবুল হোসেন বলেন, ইতালি যাওয়ার আশায় মিজানুরকে আট লাখ টাকা দিয়ে তিনি এখন নিঃস্ব, অসহায় ও সর্বস্বান্ত। রোপন খান বলেন, ঋণ ও ধার করে তিনি মিজানুরকে সাত লাখ ২০ হাজার টাকা দিয়ে এখন অসহায় জীবন যাপন করছেন। মজিবর খান বলেন, ইতালি যাওয়ার স্বপ্ন দেখে গার্মেন্টসের দোকান ও স্ত্রীর গয়না বিক্রি করে তিনি মিজানুরকে আট লাখ ৪০ হাজার টাকা দিয়েছেন।কালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আহসান হাবীব মুসা বলেন, মিজানুর ইতালি নেওয়ার জন্য অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। এ নিয়ে এলাকায় কয়েক দফা বিচার-সালিস হয়েছে। বড়চওনা বেলতলী গ্রামের মাতবর আকবর খান বলেন, মিজানের বিরুদ্ধে এলাকায় সালিস হয়েছে। সালিসে মিজান টাকা ফেরত দেওয়ার ব্যাপারে কয়েকজনকে স্ট্যাম্প করে দিলেও টাকা না দিয়ে তিনি বিদেশে চলে যান। মিজানুরের চাচাতো ভাই সবুর রেজা বলেন, ‘মিজান ইতালি নেওয়ার জন্য অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। শুনেছি, ইতিমধ্যে তিনি ইতালি চলে গেছেন।’ মিজানের ভগ্নিপতি শাহজাহান খান পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, মিজানের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে চালান দেওয়া হয়েছে।