টাকা নিয়ে প্রহরী আত্মগোপনে!
রুপালী ব্যাংক, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শাখার এক নিরাপত্তা প্রহরী গ্রাহকদের বিপুল অঙ্কের টাকা নিয়ে আত্মগোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কত টাকা নিয়ে তিনি পালিয়েছেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।ওই প্রহরীর নাম রতন আলী (২৫)। তিনি ঢাকার বেসরকারি নিরাপত্তা সংস্থা সিটি গার্ড সিকিউরিটির হয়ে গত পাঁচ বছর ধরে ওই শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি আলমডাঙ্গা পৌর এলাকার ফরিদপুর গ্রামে।নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের একাধিক কর্মকর্তা বলেন, রতন এই ব্যাংকে যোগদানের প্রথম থেকেই লোকবলের স্বল্পতার সুযোগে টোকেন দেওয়া ও লেজারে চেক ইস্যু করার মতো গুরুত্বপূর্ণ কাজ করতে থাকেন। এই কাজ করার সুবাদে গ্রাহকদের সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে ওঠে। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের দিন ব্যাংকে অনেক চাপ বাড়ে। গ্রাহকদেরও দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। এ সুযোগে অনেক গ্রাহক রতনের মাধ্যমে টাকা উত্তোলনের কাজ করতেন।আতিয়ার রহমান নামে একজন শিক্ষক জানান, ভিড় এড়াতে শিক্ষক-কর্মচারীসহ বেশ কিছু গ্রাহক রতনের কাছে চেক জমা দিয়ে পরে টাকা নিয়ে যেতেন। গত সোমবার রতন ঈদের বেতন-ভাতাসহ গ্রাহকদের কয়েক মাসের বিভিন্ন অঙ্কের অর্থ চেকের মাধ্যমে তুলে পালিয়ে যান। গত মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।এদিকে গতকাল বুধবার রূপালী ব্যাংকের কুষ্টিয়া অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মীর লিয়াকত আলী আলমডাঙ্গা শাখা পরিদর্শন ও ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আমরাও কুয়াশার মধ্যে আছি। পারস্পরিক সম্পর্কের কারণে কেউ আর্থিক লেনদেন করেছে। যেহেতু রতন এখনো ফেরত আসেননি, তাই পরিষ্কারভাবে বলা যাচ্ছে না আসলে কত টাকা নিয়ে আত্মগোপন করছেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’