টাকা নিয়ে প্রার্থী বাছাইয়ের অভিযোগ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নওগাঁর মহাদেবপুর উপজেলায় চেয়ারম্যান পদে টাকার বিনিময়ে স্থানীয় পর্যায়ে প্রার্থী বাছাই করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযোগ এনে উত্তরগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবিদ হোসেন ও তাঁর সমর্থকেরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
মহাদেবপুরের ১০টি ইউপিতে আগামী ৪ জুন ভোট হবে। আবিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিএনপির আদর্শে বিশ্বাস করে ও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত—এমন লোক বাছাই করলে আমার কোনো দুঃখ ছিল না। কিন্তু টাকার বিনিময়ে বিএনপির রাজনীতিতে “উড়ে এসে জুড়ে বসা” এমন লোককে বাছাই করা হয়েছে। দলীয় মনোনয়ন না পেলেও আমি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’
উত্তরগ্রাম ইউপিতে স্থানীয়ভাবে বাছাই করা বিএনপির প্রার্থী আবু হাসান বলেন, ‘ইউনিয়নের ৭১ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আখতার হামিদ সিদ্দিকী দলীয় প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করেছেন। দলে কোনো পদ না থাকলেও দীর্ঘদিন ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং এলাকায় জনপ্রিয়তা আছে বলেই আমাকে নির্বাচিত করা হয়েছে। আমি বিএনপির রাজনীতি করি না—এটা যাঁরা বলছেন, তাঁরা মিথ্যা বলছেন।’
এদিকে চান্দাশ ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুস সাত্তার বলেন, ‘আমি ইতিপূর্বে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে সাত হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিলাম। দলীয় মনোনয়ন না পাওয়ায় আমি স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব।’ চান্দাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে বাছাই করা হয়েছে।
বিএনপির আরেক নেতা হাসানুজ্জামান বাবু দলীয় প্রার্থী বাছাইয়ে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ তুলে বলেন, ‘দল করে না এমন একজনকে টাকার বিনিময়ে আমার ইউপি এনায়েতপুরে বাছাই করা হয়েছে। এ সিদ্ধান্ত আমি কোনোভাবেই মানতে পারছি না।’
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী বলেন, এখন পর্যন্ত সাতটি ইউপিতে দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে। ইউনিয়ন কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। এখানে টাকাপয়সা নেওয়ার প্রশ্নই আসে না। যাঁরা এ ধরনের কথা বলছেন, তাঁরা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন কথা বলছেন।