টাকা নিয়ে বই পাঠ্য করলেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতাদের বিরুদ্ধে চার লাখ টাকা ঘুষের বিনিময়ে একটি প্রকাশনীর বাংলা ও ইংরেজি ব্যাকরণ (সহশিক্ষা) বই ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পাঠ্য করার অভিযোগ উঠেছে।তাড়াইল পাইলট উচ্চবিদ্যালয়, দিগদাইর মডেল হাইস্কুল, জাওয়ার উচ্চবিদ্যালয়, পুরুড়া উচ্চবিদ্যালয়সহ ১১টি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিযোগ করেন, ইতিমধ্যে শিক্ষার্থীরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা থেকে প্রকাশিত বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই হাতে পেয়েছে। এর পরও এখন ‘সাহিত্য সৌরভ প্রকাশনীর’ উল্লিখিত দুটি বই কেনার জন্য শিক্ষকেরা শিক্ষার্থীদের চাপ দিচ্ছেন। বই দুটির দামও অনেক বেশি লেখা রয়েছে। অপ্রয়োজনে এগুলো কেনার চাপ দেওয়া জুলুম ছাড়া আর কিছু নয়।নাম প্রকাশ না করার শর্তে উপজেলার একাধিক শিক্ষক জানান, তিন লাখ টাকা শিক্ষক সমিতির অনুকূলে জমা হলেও বাকি এক লাখ টাকা মধ্যস্থতাকারী কয়েকজন শিক্ষকনেতা ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন। ঢাকার সাহিত্য সৌরভ প্রকাশনীর বিক্রয়প্রতিনিধির কাছ থেকে ওই টাকা নিয়ে এখন বই কেনার জন্য উপজেলার বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের তাগিদ দেওয়া হচ্ছে। প্রকাশনীর বিক্রয়প্রতিনিধি তানবির আহম্মেদ এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকার বইয়ের দোকানে ওই সব সহশিক্ষা বই সরবরাহ করছেন।উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও তাড়াইল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন ফকির বলেন, ‘সব জায়গায় টাকার বিনিময়ে এটা করা হয়। শিক্ষক সমিতির কল্যাণে আমরাও কিছু টাকা নিয়েছি।’ কত টাকা নিয়েছেন জানতে চাইলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে যান।একই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক সমিতির প্রভাবশালী নেতা আবদুল কাদির বলেন, কোনো টাকাপয়সার লেনদেন হয়নি। তবে প্রধান শিক্ষক টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন—বিষয়টি স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, ‘সবখানে যা হয়, আমরা তার থেকে ভালো আছি। এই আর কি!’তানবির আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমার সঙ্গে কথা বলছেন কেন? যা জানার, শিক্ষক সমিতির নেতাদের জিগ্যেস করুন।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী খান বলেন, ‘শুনেছি, চার লাখ টাকার বিনিময়ে শিক্ষক সমিতির নেতারা একটি প্রকাশনীর বই পাঠ্য করেছেন। আমাকে তাঁরা কোনো কিছু জানাননি। আমার মনে হয়, তাঁরাই সবকিছু। আমরা হলাম তাঁদের আজ্ঞাবাহী।’