টাকা নিয়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের জয়দেবপুর থানার পুলিশ মাদক ব্যবসার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করার পর অর্থের বিনিময়ে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, সাদা পোশাকের পুলিশ সদস্যরা গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুর সদর উপজেলার ভোগড়া মধ্যপাড়া বাজার এলাকায় যান। এ সময় তাঁদের দেখে আনোয়ার হোসেন (৩৬) নামের এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরা তাঁকে ধাওয়া দিয়ে আটক করে মাইক্রোবাসে তুলে নেন। এরপর পুলিশ ইয়াবা বড়িসহ আনোয়ার হোসেন (৩৫) ও আবদুল মান্নান (২৭) নামের দুই ব্যক্তিকে আটক করে মাইক্রোবাসে তুলে নিয়ে এলাকা ছেড়ে যান। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। একটি সূত্র দাবি করছে, দুই লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে পুলিশ তাঁদের ছেড়ে দিয়েছে।ছাড়া পাওয়া আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, পুলিশ তাঁদের আটক করে মাইক্রোবাসে তুলে ঘুরতে থাকে। পরে পুলিশের অপর একজন কর্মকর্তা টাকা বুঝে পেলে তাঁদের থানায় না নিয়ে পথে ছেড়ে দেওয়া হয়।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ওই তিন ব্যক্তিকে আটকের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, মাদক থাকার খবরে ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। কিন্তু পরে কোনো মাদক না পাওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।এসআই বাচ্চু মিয়া অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে তাঁর কিছু জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ইয়াবাসহ গ্রেপ্তার: গাজীপুর সদর উপজেলার কলম্বেশর এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৩০০টি ইয়াবা বড়িসহ মো. সাগর (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ।সাগরের পরিবারের অভিযোগ, পুলিশ এ সময় তাঁদের বাড়ি থেকে ৭২ হাজার টাকা নিয়ে গেছে।অভিযোগ অস্বীকার করে গাজীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুস ছালাম বলেন, ওই বাড়ি থেকে শুধু ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাঁদের লোক ওই টাকা নিয়ে ক্রেতা সেজে সাগরের কাছে ইয়াবা কিনতে গিয়েছিলেন।