টাকা নিয়েও কম্পিউটার কেনা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া স্কুল অ্যান্ড কলেজকে প্রিন্টারসহ তিনটি কম্পিউটার দিয়েছিল স্থানীয় ইউনিয়ন পরিষদ। কলেজ কর্তৃপক্ষ কম্পিউটার কেনা বাবদ এক লাখ টাকা গ্রহণ করলেও বাস্তবে তার কোনো হদিস নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই উপজেলার পুংগলী ইউনিয়ন পরিষদ লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) প্রকল্পের আওতায় কলেজটিকে প্রিন্টারসহ তিনটি কম্পিউটার কেনার জন্য এক লাখ টাকা বরাদ্দ দেয়। টাকা উত্তোলনের জন্য কলেজের সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান নিজেকে সভাপতি ও পরিচালনা পরিষদের সদস্য আনসার আলীকে সাধারণ সম্পাদক করে চার সদস্যের একটি কমিটি গঠন করেন। কিন্তু টাকা উত্তোলনের পর আর কম্পিউটার কেনা হয়নি। শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান টাকা উত্তোলনের পরপরই চাকরিস্থল পরিবর্তন করে চাটমোহর ডিগ্রি কলেজে অধ্যক্ষের দায়িত্ব নেন। এ কারণে কম্পিউটার কেনার টাকাগুলো কলেজে জমা দিচ্ছেন না। তিনি কমিটির সদস্যদের সঙ্গে যোগসাজশে টাকাগুলো আত্মসাৎ করেছেন। কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমান বলেন, কলেজে কম্পিউটার কেনার টাকা উত্তোলনের রেজুলেশন রয়েছে। কিন্তু বাস্তবে কোনো কম্পিউটার নেই। পুংগলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘এভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করা দুঃখজনক। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘টাকা উত্তোলন কমিটির সদস্যদের কম্পিউটার কেনার কথা ছিল। কেন কেনা হয়নি তা আমার জানা নেই। কমিটির অন্য সদস্যরা বিষয়টি বলতে পারবেন।’ ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডি এম আতিকুর রহমান বলেন, ‘কমিটি কম্পিউটার কেনার টাকাগুলো অন্য খাতে ব্যয় করতে চাইছিল। বিষয়টি জানার পর আমি কমিটির সদস্যদের ডেকে কম্পিউটার কিনতে বলেছি। খুব শিগগিরই কম্পিউটার কেনা হবে।’