চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, বর্ষায় চট্টগ্রাম শহরের প্রায় ৫০০ কিলোমিটার কার্পেটিং সড়কের ২০০ কিলোমিটারই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক মেরামত ও সংস্কারের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের অন্তত ১০০ কোটি টাকা দরকার। কিন্তু বর্তমানে করপোরেশনের তহবিলে আছে মাত্র পাঁচ কোটি টাকা। ফলে নগরের সড়ক সংস্কারকাজ বন্ধ রয়েছে।যান চলাচল স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে নিজস্ব জনবল দিয়ে ছোটখাটো মেরামতকাজ (প্যাচ ওয়ার্ক) করা হচ্ছে বলে প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে।করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘অর্থসংকটের কারণে আমরা উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে চালাতে পারছি না। তাই চট্টগ্রামের সড়ক উন্নয়ন ও সংস্কারে প্রধানমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপ কামনা করছি।’জানা গেছে, সিটি করপোরেশন যখন এ ধরনের অর্থকষ্টে ভুগছে, তখন গত বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয় চট্টগ্রামের সড়ক ও অবকাঠামোর উন্নয়নে নেওয়া ৩৪৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন না করে ফেরত পাঠিয়েছে। ওই দিন প্রকল্পটির প্রাক-একনেক অনুমোদনের কথা ছিল।করপোরেশন সূত্র জানায়, এক বছর আগে জমা দেওয়া এ প্রকল্প প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের আপত্তির কারণে অনুমোদন না হয়ে পুনরায় ফেরত আসে। বৈঠকে মন্ত্রীর একটি চিঠি নিয়ে আলোচনা হয়।আফছারুল আমীনের চিঠিতে বলা হয়, স্থানীয় সাংসদদের জন্য যেসব প্রকল্পে সরকার অর্থ বরাদ্দ দিয়েছে, সেগুলো আলাদাভাবে বাস্তবায়ন করা দরকার। সিটি করপোরেশনের প্রকল্প প্রস্তাব থেকে বাইরে রেখে সাংসদদের প্রকল্পগুলো আলাদাভাবে অনুমোদন দেওয়ার অনুরোধ করা হয় ওই চিঠিতে।সূত্রমতে, সিটি করপোরেশন যে ৩৪৪ কোটি টাকার প্রকল্প প্রস্তাব দিয়েছে, তাতে ছয় সাংসদের নিজ নিজ নির্বাচনী এলাকার জন্য ১৫ কোটি টাকা করে মোট ৯০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়।মন্ত্রণালয়ের বৈঠকে অংশ নেওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মঞ্জুর ই ইলাহী প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী মহোদয় (আফছারুল আমীন) তাঁর নিজের সংসদীয় এলাকার প্রকল্পগুলো সিটি করপোরেশনের নামে বরাদ্দ না দেওয়ার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে চিঠি দেন। এ কারণে করপোরেশনের ৩৪৪ কোটি টাকার প্রকল্প প্রস্তাব অনুমোদন পায়নি।’অর্থসংকট চরমে: অনুসন্ধানে জানা যায়, গত কয়েক বছরে অভ্যন্তরীণ আয়ের বাইরে সরকারের কাছ থেকে অর্থবরাদ্দ কমে গেছে। এ কারণে সিটি করপোরেশনকে অর্থসংকটে পড়তে হয়। গত অর্থবছরে সরকারের থোক বরাদ্দ পাওয়া যায় ১৭ কোটি টাকা। এ বছর তা কমিয়ে আট কোটি ৬৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম কিস্তিতে পাওয়া গেছে মাত্র দুই কোটি ১৭ লাখ টাকা।জানা যায়, সরকার থেকে নগর শুল্ক হিসেবে গত বছর দেওয়া হয়েছিল এক কোটি ৬০ লাখ টাকা। এবার দেওয়া হচ্ছে মাত্র ৬৫ লাখ টাকা। তার মধ্যে প্রথম কিস্তিতে পাওয়া গেছে ১৬ লাখ টাকা। এ ছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে ৬৮ কোটি টাকার প্রতিশ্রুতি থাকলেও সে টাকা পায়নি সিটি করপোরেশন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর হিসেবে গত বছর ২৪ কোটি টাকা পরিশোধ করেছিল। নতুন অর্থবছরে সে খাত থেকেও কোনো টাকা পাওয়া যায়নি বলে জানা গেছে।হিসাব বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের অভ্যন্তরীণ আয় প্রতি মাসে গড়ে ১৪ থেকে ১৫ কোটি টাকা। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে খরচ হয় সাড়ে ছয় কোটি টাকারও বেশি। দাপ্তরিক খরচ হিসেবে মাসিক প্রায় তিন কোটি টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্য তহবিল ও প্রণোদনা-সংক্রান্ত খরচ। এসব বাদ দিয়ে প্রতি মাসে গড়ে দুই থেকে তিন কোটি টাকার বেশি উন্নয়নকাজ করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।