নির্বাচনের সময় কারও কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ প্রমাণ করতে পারলে সঙ্গে সঙ্গে পদত্যাগের ঘোষণা দেবেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। গতকাল রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সেমিনার কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে একজন সাংবাদিকের বক্তব্যের সূত্র ধরে সাঈদ খোকন এমন কথা জানান।
সিটি করপোরেশনের ঠিকাদারদের কেউ কেউ নির্বাচনের সময় মেয়রের জন্য কোটি টাকা খরচ করেন। পরে এর প্রভাব খাটিয়ে করপোরেশনে দাপট দেখিয়ে চলছেন—একজন সাংবাদিকের এমন মন্তব্য প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, ‘কেউ যদি এমন অভিযোগ প্রমাণ করতে পারে, তাহলে আমি অন দ্য স্পট রিজাইন (সঙ্গে সঙ্গে পদত্যাগ) করব। যে বলেছে তাকে আমার সামনে ধরে নিয়ে আসেন। আমি এরই মধ্যে সব বিভাগকে বলে দিয়েছি, কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু করে, তাকে পুলিশে দেবেন।’
ঢাকা শহরে গণশৌচাগারের অপ্রতুলতা দূর করতে রাজধানীর পেট্রলপাম্পগুলোয় গণশৌচাগার করার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র।
সাঈদ খোকন বলেন, ‘মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার আগে অনেকে বলেছেন, এটা খুব কঠিন কাজ। এখনো পর্যন্ত আমার কাছে এটা মনে হয়নি। সবাই আমাকে সহযোগিতার মনোভাব দেখিয়েছে। জানি না এটা কত দিন থাকবে। হয়তো এটা হানিমুন পিরিয়ডের কারণে হতে পারে।’ খুব অল্প সময়ের মধ্যে ঢাকা ডায়ালগ হবে বলে জানান তিনি।
সাঈদ খোকন সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘কোনো সংবাদকে আমি নেতিবাচকভাবে নেই না। এটা আমার মধ্যে নেই। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সংবাদে যেন পক্ষপাতিত্ব না থাকে। কেউ আপনাদের ব্যক্তিগতভাবে ব্যবহার না করতে পারে, সেটা খেয়াল করবেন।’ তিনি বলেন, ‘এই শহরকে সুন্দরভাবে গড়ে তোলার আকাঙ্ক্ষা আমাদের সবার। অনেকে পরামর্শ দিচ্ছেন, সাহায্যের মনোভাব দেখাচ্ছেন। এটা ইতিবাচক। আমার বাবা বলতেন সাংবাদিকেরা হলো “আই অপেনার”। সুতরাং আপনারা বস্তুনিষ্ঠভাবে লিখে যান।’