টাকা নেওয়া হয়েছে ছবি তোলার জন্য!
রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিনা মূল্যের সরকারি বই বিতরণের সময় ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে। তবে সেই টাকা শিক্ষার্থীদের ছবি তোলার জন্য নেওয়া হয়েছে বলে গঠিত পৃথক চারটি তদন্ত কমিটি প্রতিবেদনে উল্লেখ করেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পৃথক ওই প্রতিবেদন দাখিল করা হয়।
১১ জানুয়ারি প্রথম আলোর বিশাল বাংলায় ‘সরকারি বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি, ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ ও রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এ খলিলুর রহমানের নির্দেশে পাঁচটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।
প্রকাশিত ওই সংবাদে উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ ছিল। তদন্তে উপজেলার লোহানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আফতাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওসমানপুর মধ্যপাড়া ও বুজরুক হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০-৫০ টাকা করে নেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ওই টাকা বইয়ের জন্য নয়, শিক্ষার্থীদের ছবি তোলার জন্য নেওয়া হয়েছে বলে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।