টাকা পরিশোধ না করে জমির হুকুমদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

“টাকা পরিশোধ না করে সম্পূর্ণ অন্যায়ভাবে হুকুমদখলের নামে জেলা প্রশাসনের কর্মকর্তারা কক্সবাজার শহরের বাইপাস সড়কের পাশে কয়েক কোটি টাকা দামের আমাদের ব্যক্তিমালিকানাধীন ০.৭৫ একর আবাদি ও বসতবাড়ির জমি দখল করে নিয়েছেন। এই জমিতে ভবিষ্যতে ৩৩/১১ কেভির বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন করা হবে। যদিও এই কেন্দ্র স্থাপনের জন্য সরকারি বহু খাসজমি আশপাশে পড়ে রয়েছে। টাকা পরিশোধ না করে হুকুমদখলের জমি অধিগ্রহণ করার নিয়ম নেই”। গতকাল শনিবার বেলা ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করে জমির ওয়ারিশদার ও শহরের রুমালীয়ারছড়ার বাসিন্দা মো. সরওয়ার কামাল এই অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন, তাঁর ভগ্নিপতি আবু তাহের চৌধুরী, মৌলভি নুরুল হক, মনছুর আহমদ, ছোট ভাট জাহেদ বিন হোসেন, খালেদ বিন হোসেন প্রমুখ। লিখিত বক্তব্যে মো. সরওয়ার কামাল বলেন, ২০০৭ সালের ১৬ জুন তাঁদের বাবা হাজি শাহদাৎ হোসাইন মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তাঁর ব্যক্তি মালিকানাধীন জমি থেকে শহরের বাইপাস সড়ক নির্মাণ, বাইপাস সড়কের দক্ষিণ পাশে পুলিশ লাইনস নির্মাণ, বাইপাস সড়কের উত্তর পাশে জেলা কারাগার নির্মাণসহ সরকারি আটটি প্রতিষ্ঠানের বিপরীতে প্রায় ১৪ একর জমি হুকুমদখল করা হয়। অবশিষ্ট কিছু আবাদি জমি তাঁর স্ত্রী ও আট ছেলেমেয়ে ভোগ করে আসছেন। এর মধ্য থেকে ০.৭৫ একর আবাদি ও বসতভিটার জমি ৩৩/১১ কেভির বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের জন্য জোরপূর্বক হুকুমদখলের ঘোষণা দেওয়া হয়। হুকুমদখলের জন্য ধার্যকৃত প্রায় চার কোটি ৬৫ লাখ টাকা পরিশোধ না করে জেলা প্রশাসনের কর্মকর্তারা কয়েক দিন আগে জমিটি খুঁটি দিয়ে ঘিরে দখল করে নেন। উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের ১৯৯২ সালের ৩১ মার্চ প্রচারিত এক প্রজ্ঞাপনে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে আবাদি জমি যেন অধিগ্রহণ না করা হয়, সেদিকে সর্বাধিক সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া আছে। এ প্রসঙ্গে জেলা প্রশাসনের আরডিসি (রেভিনিউ ডেপুটি কালেক্টর) ও ভূমি হুকুমদখল কর্মকর্তা মো. নায়েরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘নিয়মনীতি মেনেই উপযুক্ত জমিটি হুকুমদখল করা হয়েছে। হুকুমদখল করা জমির বিপরীতে পাওনা টাকা নিয়ে যাওয়ার জন্য ওয়ারিশদের নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা টাকা নিচ্ছেন না। এই টাকা আমাদের হাতে সংরক্ষিত আছে, যখন চাইবেন তখন পরিশোধ করা হবে। টাকা পরিশোধ না হলেও জমি অধিগ্রহণে কোনো আপত্তি নেই। তাই আমরা জমিটি অধিগ্রহণ করে সংশ্লিষ্ট বিভাগকে ( বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) বুঝিয়ে দিয়েছি।’ এ ক্ষেত্রে কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি বলে তিনি দাবি করেন।