টাকা পাচার বিষয়ে অর্থমন্ত্রীর কাছে জবাব চান বাদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের অনির্ধারিত আলোচনায় জাসদের মইন উদ্দীন খান বাদল বলেছেন, ‘২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশ থেকে ৬ লাখ ৬ হাজার ৮৬৮ কোটি টাকা পাচার হয়েছে। পাচারকারীদের হাত অনেক লম্বা, অর্থমন্ত্রী এ কথা বলে খালাস হলে চলবে না। পরিষ্কার জবাব চাই।’
গতকাল বুধবার সংসদ অধিবেশনে মইন উদ্দীন খান বাদল এসব কথা বলেন। তিনি বলেন, ‘যে সময়টুকুর কথা বলা হচ্ছে, তা আমাদের আমল। এ টাকা যাচ্ছে কীভাবে? এরা কারা? কারা এই ভদ্রলোক? এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি আশা করি। অর্থমন্ত্রী অন্যান্য কাজ বন্ধ করে পার্লামেন্টে উত্তর দেন।’
অবশ্য এ সময় অর্থমন্ত্রী অধিবেশনে ছিলেন না। মইন উদ্দীন খান বাদল টাকা পাচার প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চান। তিনি বলেন, দেশের উন্নয়ন চলছে, তবে এ ধরনের গর্ত থাকলে দেশকে আর মধ্য আয়ের দেশে পৌঁছাতে হবে না।
এর আগে ২০১৪ সালে দেশ থেকে ৭৩ হাজার কোটি টাকা বিদেশে পাচার নিয়ে সম্পূরক প্রশ্ন করেন জাতীয় পার্টির সাংসদ পীর ফজলুর রহমান। জবাবে অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘৭৩ হাজার কোটি টাকা পাচার হওয়ার তথ্য একেবারে উড়িয়ে দিচ্ছি না। কেন্দ্রীয় ব্যাংকের এফআইইউ তথ্য সংগ্রহ করবে। পাচার বা চুরির বিষয়ে ব্যবস্থা নেবে।’