টাকা পাচারকারীদের রাজনীতি করার অধিকার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘আমাদের একটি অনাথ শিশুর সারা দিনের খাবারের জন্য রাষ্ট্রীয় বরাদ্দ এক টাকা ৩৮ পয়সা। যে দেশের শিশুদের পুষ্টির এই হাল, সেই দেশে রাজনীতি করে যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, তাদের রাজনীতি করার নৈতিক অধিকার নেই।’গতকাল বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসক কাইছার রহমানের স্মৃতিতে নির্মিত মিলনায়তনে আয়োজিত পঞ্চম গণগবেষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এ কথা বলেন। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও মানবাধিকার সংস্থা ব্রতীর সেতুবন্ধ প্রকল্পের উদ্যোগে ওই সম্মেলনের আয়োজন করা হয়। মিজানুর রহমান বলেন, সরকার মানবাধিকার কমিশনের কর্মকর্তাদের বেতন দিচ্ছে। কিন্তু যে হাত খাবার দিচ্ছে, সেই হাতেই মানবাধিকার কমিশনকে কামড় দিতে হচ্ছে। তাই বলে সরকারের স্তুতি গাওয়ার কাজ মানবাধিকার কমিশনের নয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। রাজশাহী জেলার তানোর ও নওগাঁ জেলার মান্দা ও মহাদেবপুর উপজেলার ৩৬ গ্রামের গণগবেষকদের পক্ষ থেকে মিজানুর রহমান, সেলিম, জ্যোৎস্না খাতুন, এন্তেরিনা হেমব্রম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান পরে বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘বর্তমান মানবাধিকার পরিস্থিতি ও জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপাচার্য এম আবদুস সোবহান।