টাকা পাচারের অভিযোগ অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইস ব্যাংকে থাকা সাত বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫১ হাজার কোটি টাকা) বাংলাদেশ থেকে পাচার করা নয় বলে দাবি করেছেন বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের। গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদে এ দাবি করেন তিনি।
অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগের বিষয়ে মুসা সাংবাদিকদের বলেন, ‘প্রতিটি গল্পের পেছনে একটি ইতিহাস থাকে, ধৈর্য ধরেন, সব জানতে পারবেন। আমার সম্পর্কে বলা হয়েছে, আমি ৫১ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছি। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কিন্তু এই পরিমাণ টাকা বাংলাদেশ থেকে অর্জন করা সম্ভব নয়, যা উপার্জন করেছি বিদেশেই।’
গত ৩ নভেম্বর কমিশনের নিয়মিত বৈঠকে মুসার সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে মীর জয়নুল আবেদীন শিবলীকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়। অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ দেওয়া হয় তাঁকে।
গতকাল বেলা ১১টায় হাজির হতে নোটিশ দেওয়া হলেও আটটি গাড়ির বহর নিয়ে সকাল নয়টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন মুসা বিন শমসের। সঙ্গে প্রায় ৩০ জনের মতো নিজস্ব নিরাপত্তা কর্মী। সাবেক সেনাসদস্যদের সমন্বয়ে গঠিত এসব নিরাপত্তাকর্মী কঠোর নিরাপত্তা দিয়েই দুদকে নিয়ে আসেন তাঁকে।
জিজ্ঞাসাবাদ শেষে সোয়া একটার দিকে দুদকের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন মুসা। পদ্মা সেতুতে বিনিয়োগের প্রস্তাব সম্পর্কে মুসা বলেন, পদ্মা সেতুতে বিনিয়োগ শুধু তাঁর নয়, তাঁর বাবারও স্বপ্ন ছিল। সুইস ব্যাংকে ফ্রিজ থাকা টাকা অবমুক্ত হলে ওই টাকা দেশে ফিরিয়ে এনে বিনিয়োগ করবেন বলে জানান তিনি।