টাকা পেলেন দুস্থ মায়েরা
নিরাপদ মাতৃত্ব নিশ্চিত এবং শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে গতকাল শনিবার কুমিল্লার তিতাস উপজেলায় গরিব ও দুস্থ মায়েদের মধ্যে নগদ টাকা ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রথম দিন ৫৫০ জন মায়ের প্রত্যেককে নগদ আড়াই হাজার টাকা ও প্রতিজনের জন্য একটি করে শাড়ি ও নবজাতকের প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়। কর্মসূচির উদ্বোধন করেন তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুর রশীদ মোল্লা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্তা হুমায়ুন কবির এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা (ডিএসএফ কো-অর্ডিনেটর) মাসুম আল জাকী।গর্ভকালীন সময়ে ঝুঁকি এড়ানো এবং স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ২০০৪ সালে বিশ্বস্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর, ‘ডিমান্ড সাইড ফাইনান্সিং’ শীর্ষক মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কিম চালু করে।ন্যাশনাল ডিএসএফের সমন্বয়ক মো. আবদুস সালাম খান জানান, বর্তমানে এ কর্মসূচি দেশের ৪৬টি উপজেলার ৫০১টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। বিজ্ঞপ্তি।