টাকা ফেরত চান রিং আইডির গ্রাহকেরা
বিনিয়োগ করা টাকা ফেরত চাচ্ছেন রিং আইডির গ্রাহক ও বিনিয়োগকারীরা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে আজ শনিবার সকালে অনশনে বসে এই দাবি জানান তাঁরা।
বিনিয়োগকারীরা বলছেন, রিং আইডির সব কার্যক্রম পুনরায় সচল করে দেওয়া হোক। রিং আইডির কার্যক্রম বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ গ্রাহক, এজেন্ট ও কমিউনিটি জব প্যাকেজে বিনিয়োগকারীরা।
অনশনকারীরা সাদা কাপড় পরে অনশন করছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, রিং আইডি তাদের গ্রাহকদের সিলভার আইডি, গোল্ড আইডি, প্রবাসী গোল্ড আইডি ও প্রবাসী প্লাটিনাম আইডি খুলতে উদ্বুদ্ধ করত। এসব আইডি খুলতে গ্রাহকদের প্রতিষ্ঠানটিতে ১২ থেকে ৫০ হাজার টাকা বিনিয়োগ করতে হতো। পরিচয়পত্রধারীরা ভিপিএনের মাধ্যমে প্রতিদিন নির্দিষ্টসংখ্যক বিদেশি বিজ্ঞাপন দেখতেন, তার বিনিময়ে লাভ পেতেন। এ ছাড়া অস্বাভাবিক ছাড়ে পণ্যও বিক্রি করছিল রিং আইডি।
অনশনে বরিশাল থেকে এসেছেন ২৮ বছর বয়সী নুরুল ইসলাম। তিনি গত বছরের মার্চে রিং আইডিতে দুই লাখ টাকা বিনিয়োগ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকে আমাদের যে টাকা জব্দ আছে, তা আমরা ফেরত চাই। আমরা টাকা বিনিয়োগ করেছি, টাকাটা দেশেই আছে বলে জেনেছি। বাংলাদেশ ব্যাংক টাকাটা জব্দ করে রেখেছে বলে টাকাটা রিং আইডি আমাদের দিতে পারছে না। এদিকে আমরা আরও ঋণগ্রস্ত হচ্ছি।’
গত মার্চ ও মে মাসে ৪ লাখ ৯০ টাকা বিনিয়োগ করেন গাজীপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মো. স্বপন। রিং আইডিতে বিজ্ঞাপন দেখে ৩ লাখ টাকা পেয়েছেন, ১ লাখ ৯০ হাজার টাকা বাকি আছে। এ টাকা ৪ মাস ধরে তিনি তুলতে পারছেন না। তিনি বলেন, ‘ঋণ করে আমি বিনিয়োগ করেছিলাম। এখন ঋণ দিতে না পেরে বিপদে আছি।’
নোয়াখালীর চাটখিলের বাসিন্দা মো. সুমন রানা আজ সকালে প্রেসক্লাবে এসেছেন। সাদা কাপড় পরে তিনি ফুটপাতে বসে আছেন। তিনি বলেন, তিনি রিং আইডিতে গত বছরের মার্চে ৪ লাখ ৮০ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন। ভিডিও বিজ্ঞাপন দেখে দুই লাখ টাকা পেয়েছেন। সবশেষ টাকা পেয়েছেন সেপ্টেম্বরে। সুমন বলেন, ‘একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। চাকরি চলে যাওয়া ঋণ করে রিং আইডিতে বিনিয়োগ করি। প্রত্যেক দিন ১০০টা করে ভিডিও দেখতাম। এখন কোনো টাকা পাই না।’
বিনিয়োগকারীরা বলছেন, দুই লাখ গ্রাহক বা বিনিয়োগকারীরা এই রিং আইডিতে বিনিয়োগ করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন।