টাকা ফেরত চায় মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পুষ্টি কর্মসূচিতে আইপ্যাড কেনা, বিধিবহির্ভূত নগদ অর্থ লেনদেন ও অনুমোদন ছাড়াই অর্থ খরচের প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। পুষ্টি কর্মসূচির লাইন ডিরেক্টরসহ পাঁচজন কর্মকর্তাকে এসব অনিয়মের জন্য দায়ী করা হয়েছে। কমিটি দেড় মাস আগে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। মন্ত্রণালয় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেয়নি। সূত্র বলছে, অনিয়মের বিষয়গুলো বিশ্বব্যাংককেও জানানো হয়েছে। ২০১১ সালে শুরু হওয়া প্রায় ৪০০ কোটি টাকার জাতীয় পুষ্টি কর্মসূচি ২০১৬ সালে শেষ হবে। পুষ্টি কর্মসূচিসহ স্বাস্থ্য ও জনসংখ্যা-সংশ্লিষ্ট ৩২টি কর্মসূচিতে বিশ্বব্যাংকসহ অন্য দাতারা আর্থিক সহায়তা দিচ্ছে। এ বছরের ফেব্রুয়ারিতে পুষ্টি কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করে মন্ত্রণালয়। এসব ব্যাপারে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু কর্মকর্তাকে টাকা ফেরত দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে যাঁদের অপরাধ বেশি, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রস্তুতি চলছে। আইপ্যাড ও নোটবুক কাহিনি: ২০১১-১২ অর্থবছরে কর্মসূচি থেকে ১২টি আইপ্যাড, ১২টি স্ক্যানার, ১২টি প্রিন্টার কেনা হয় ‘মেসার্স ঢাকা ফার্মেসি’সহ কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে। কর্মকর্তারা তদন্ত কমিটিকে বলেছেন, ‘আইপ্যাড ও নোটবুক একই বস্তু মনে করে ভুলক্রমে আইপ্যাড ক্রয় করা হয়েছে।’তদন্ত কমিটি বলেছে, আইপ্যাড ও নোটবুককে সমার্থক মনে করার অবকাশ নেই। ঢাকা ফার্মেসির মতো প্রতিষ্ঠানের কাছ থেকে কম্পিউটারসামগ্রী কেনা সমীচীন হয়নি। প্রকল্পের কাজে ১২টি স্ক্যানার কেনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মন্তব্যে বলা হয়েছে, সরকারি ক্রয় বিধিমালা না মেনে ব্যক্তি বা গোষ্ঠীর খেয়ালখুশি চরিতার্থ করা হয়েছে। এতে সরকারের ‘অর্থনাশ’ হয়েছে। নগদে অনিয়ম: কর্মসূচি থেকে নিয়মবহির্ভূতভাবে ১৩ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার ৯০ টাকা নগদ দেওয়া নিয়ে অডিট আপত্তি ছিল। তদন্ত প্রতিবেদনে দেখা যায়, প্রশিক্ষণ, সভা—এসবের জন্য ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাইয়ের মধ্যে কর্মসূচির লাইন ডিরেক্টর মো. এখলাসুর রহমানের কাছ থেকে ৫২ দফায় নগদ টাকা নেন চার কর্মকর্তা। তাঁরা হলেন মীর মোবারক হোসেন, শাহ গোলাম নবী, শাহ আসাদুজ্জামান ও আমীর হোসেন। এই অনিয়মের জন্য ওই পাঁচ কর্মকর্তা প্রাথমিকভাবে দায়ী বলে কমিটি মতামত দিয়েছে।মীর মোবারক হোসেন ও শাহ গোলাম নবী প্রথম আলোকে বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁরা নগদ অর্থ লেনদেন করেছেন, অনিয়ম করেননি। আমীর হোসেন বলেছেন, এ রকম তদন্তের কথা তিনি জানেন না। এ ব্যাপারে কেউ তাঁর বক্তব্য নেয়নি। এ ব্যাপারে লাইন ডিরেক্টর মো. এখলাসুর রহমান বলেন, প্রক্রিয়াগত কিছু অনিয়ম হয়েছে। তবে আর্থিক দুর্নীতি হয়নি।অনুমোদন ছাড়াই ছাউনি: মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন ছাড়াই ১৯ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জন্য দুটি স্থায়ী টিনের ছাউনি তৈরি করেছেন পুষ্টি কর্মসূচির কর্মকর্তারা। তাতে পুরোনো মোটরসাইকেল, বাইসাইকেল, এয়ারকুলার, কম্পিউটার রাখা হচ্ছে। এই টাকা পুষ্টিসেবা খাতে ব্যয় করার কথা ছিল। তদন্ত কমিটি বলছে, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বিধিবহির্ভূতভাবে অর্থ ব্যয়ের জন্য লাইন ডিরেক্টরকে দায়ী করা যায়।বিবিধ অনিয়ম: তদন্ত কমিটি ২৫ হাজার টাকার কম মূল্যমানের কিছু সরবরাহকারীর রসিদ পায়। রসিদগুলো বিভিন্ন সময়ের হলেও সেগুলো একই হাতের লেখা। তবে কী মালামাল কেনা হয়েছে, তার তালিকা তদন্ত কমিটি পায়নি। কমিটি প্রতিবেদনে লিখেছে, ‘এটি সম্পূর্ণ অবাস্তব কল্পিত সন্দেহমূলক ক্রয়’। এভাবে দুই লাখ ৭০ হাজার ১৯৩ টাকার অনিয়ম করা হয়েছে।এ ছাড়া দুটি ফটোকপি যন্ত্র থাকার পর ছয় লাখ ৩০ হাজার টাকার ফটোকপি করাকে অযৌক্তিক ব্যয় বলেছে তদন্ত কমিটি। বিশ্বব্যাংক সূত্র বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, তারা তা দেখার অপেক্ষায় আছে।