টাকা ফেরত দিতে দেরি হওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বন্ধকি জমির টাকা ফেরত দিতে দেরি হওয়ায় এক ব্যক্তিকে চার ঘণ্টা আটকে রেখে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে আদালতে একটি মামলা হয়েছে।মামলার সংক্ষিপ্ত বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দীঘলকান্দি গ্রামের শুকুর আলীর বোন জামেতনের কাছ থেকে একই গ্রামের লাল মিয়া ১৫ হাজার টাকা দিয়ে ১৬ শতক জমি বন্ধক নেন। লাল মিয়া এই জমি কয়েক বছর ভোগ করেন। এরপর শুকুর আলী ১০ হাজার টাকা দিয়ে বাকি টাকা কয়েক দিনের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই জমি নিজের দখলে নেন। এই টাকা ফেরত দিতে দেরি হওয়ায় গত ১১ আগস্ট বিকেলে লাল মিয়ার তিন ছেলে মগর আলী, হায়দার আলী ও ওসমান দলবল নিয়ে দীঘলকান্দি বাজার থেকে শুকুর আলীকে ধরে তাঁদের বাড়িতে নিয়ে যান। বাড়িতে তিন ঘণ্টা আটকে রেখে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে শুকুর আলীর ডান হাত ও ডান পা ভেঙে ফেলেন। সন্ধ্যা সাতটায় এলাকার লোকজন তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।এ বিষয়ে শুকুর আলী বাদী হয়ে মগর আলীসহ চারজনের বিরুদ্ধে ১৬ আগস্ট বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেছেন।শুকুর আলী বলেন, ‘মাত্র কয়েক হাজার টাকা সময়মতো দিতে না পারায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার হাত-পা ভেঙে দিয়েছে।’মগর আলী বলেন, বন্ধকি জমির টাকা পরিশোধ না করেই শুকুর আলী জমির দখল নিয়েছেন। টাকা পরিশোধ করার কথা থাকলেও তিনি অনেক দিন ধরে টালবাহানা করছেন। এই নিয়ে তাঁর সঙ্গে মারধরের ঘটনা ঘটেছে।মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বলেন, পাওনা টাকার জন্য আসামিরা শুকুর আলীর হাত-পা ভেঙে দিয়েছে। ঘটনাটি অমানবিক। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।