টাকা ফেরত দিলেন ইউপি সদস্য
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টিআর প্রকল্পের নামে উত্তোলন করা টাকা ফেরত দিতে বাধ্য হলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা আসনের সদস্য আমোদা বেগম। উপজেলা নির্বাহী কমকর্তার লিখিত নির্দেশে তিনি গত মঙ্গলবার ওই টাকা ফেরত দেন।
নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, ২০১৩-১৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) বরাদ্দ থেকে সদর ইউনিয়নের ‘চানমনিপাড়া আরজু ঠাকুরের বাড়ি হইতে মোগলটুলা মজিবুরের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত’ প্রকল্প নেওয়া হয়। এ জন্য এক হাজার ১৫০ কেজি (১.১৫ মেট্রিক টন) চাল বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হন উপজেলার ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য আমোদা বেগম। তিনি প্রকল্পের পুরো টাকাই তুলে নেন।
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম মিয়াজী জুলাই মাসে সরজমিনে তদন্ত করেন। ওই প্রকল্পে কোনো কাজ হয়নি জানিয়ে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনকে অবহিত করেন। নির্বাহী কর্মকর্তা কাজ না করায় আমোদা বেগমকে বরাদ্দ দেওয়া সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন । ফলে আমোদা বেগম ৭ নম্বর চালান ফরমের মাধ্যমে ৩৮ হাজার ১৪৯ টাকা সরকারি কোষাগারে জমা দেন।
সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, তিনি কাজ করেননি, তাই টাকা ফেরত দিতে হয়েছে। নির্বাহী কর্মকর্তা টাকা আদায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, কাজ না করেই তিনি টাকা আত্মসাৎ করেছিলেন। তাই আইনগতভাবে ওই টাকা সরকারি কোষাগারে ফেরত আনা হয়েছে।
এদিকে আমোদা বেগম টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘কাজ করেছি। পিআইওকে দুইবারে তিন হাজার টাকাও দিয়েছি। অফিস সহকারীর অসহযোগিতার কারণে আমি ফেঁসে গেছি।’ তবে পিআইও বলেন, ‘আমি কোনো টাকা নিইনি। প্রকল্প পরিদর্শন করে কাজের কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ করে ফেলেছিলেন তিনি। তাই ব্যবস্থা নিয়েছি।’