টাকা ফেরত দিলেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা অভিভাবকদের ডেকে বই দেওয়ার নাম করে নেওয়া টাকা ফেরত দিলেন। সেই সঙ্গে জানিয়েছেন, এভাবে টাকা নেওয়াটা তাঁদের জন্য অন্যায় ছিল। এমন সমস্যা আর হবে না।
অভিভাবক ওয়াদুদ আলী বলেন, তাঁর দুই ছেলেমেয়ের জন্য শিক্ষকেরা বিনা মূল্যের বই দিতে ২০০ টাকা দাবি করে বসেন। অনেক অনুরোধ করেও তিনি টাকা কম দিতে পারেননি। শেষে ২০০ টাকা দিয়ে নতুন বই সংগ্রহ করেন। কিন্তু প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর গত শনিবার শিক্ষকেরা তাঁকে ডেকে ভুল স্বীকার করে টাকা ফেরত দিয়েছেন।
প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া বলেন, ছাত্রছাত্রীদের কাছ থেকে সেশন ফি বাবদ ১০০ টাকা করে নেওয়া হয়েছিল। তবে সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেই টাকা ফেরত দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মমিন মণ্ডল বলেন, ‘টাকা ফেরত দেওয়ার বিষয়টি আমি সরেজমিনে নিশ্চিত হয়েছি। এখন ওই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’
১০ জানুয়ারি প্রথম আলোয় ‘বিনা মূল্যের বই পেতে গুনতে হচ্ছে টাকা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।