টাকা ফেরত দিয়েছেন একজন, তৃতীয় দফা চিঠি দেওয়ার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যাম-নগরে স্থানীয় সাংসদের অনুকূলে বিশেষ বরাদ্দকৃত চাল আত্মসাতের ঘটনায় দ্বিতীয় দফায় চিঠি দেওয়ার পর ২৭ জনের মধ্যে মাত্র একজন চালের টাকা ফেরত দিয়েছেন। বাকি ২৬ জনকে আবার চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে। এতেও কাজ না হলে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শ্যামনগরের স্থানীয় সাংসদ এইচ এম গোলাম রেজার অনুকূলে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির বিশেষ বরাদ্দ হিসেবে ২০১১-১২ অর্থবছরে ১৬৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। অনুসন্ধানে বেরিয়ে আসে, সংঘবদ্ধ একটি চক্র নামে-বেনামে, এমনকি ভুয়া কমিটি নিয়ে প্রায় ৫০ মেট্রিক টন চাল তুলে আত্মসাৎ করে। বিষয়টি নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তদন্ত চালিয়ে অভিযোগের সত্যতা পান। গত জুলাই মাসের শুরুতে জড়িত ব্যক্তিদের চিঠি দিয়ে আত্মসাৎ করা চালের সমপরিমাণ মূল্য সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়। ১৫ জুলাই দ্বিতীয় দফায় চিঠি দেওয়া হয়। তখন টাকা ফেরত দিতে ১৫ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা জানান, দ্বিতীয় দফায় চিঠি দেওয়ার পর পরানপুর এ রউফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গনি এক মেট্রিক টন চালের সমপরিমাণ মূল্য ৩৪ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। বাকি ২৬ জন কোনো সাড়া দেননি। তাঁদের দ্বিগুণ মূল্য ফেরত দিতে চিঠি পাঠানো হবে ঈদের পরই। নির্দিষ্ট দিনের মধ্যে এবারও যাঁরা সাড়া দেবেন না, তাঁদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।