টাকা ফেরত দেওয়ার আশ্বাসে অবরুদ্ধ কর্মকর্তা মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে বেসিক হেলথ কেয়ার বাংলাদেশ লিমিটেডের নামে অবৈধভাবে কার্যালয় খুলে ৮০ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের নামে হাতিয়ে নেওয়া হয়েছে দুই লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় ক্ষুব্ধ কর্মীরা গত বৃহস্পতিবার ওই হেলথ কেয়ারের ভারপ্রাপ্ত পরিচালক মিজানুর রহমান ও কর্মকর্তা গোলাম রব্বানীকে কার্যালয়ে দিনভর আটক করে রাখেন। পরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খয়রুল হুদার মধ্যস্থতায় ওই দিন গভীর রাতে কর্মীরা তাঁদের ছেড়ে দেন।
খয়রুল হুদা বলেন, ‘মিজানুর রহমান আমার পূর্বপরিচিত৷ বিপদে পড়ায় স্বাস্থ্যকর্মীদের টাকা ফেরত দেওয়ার অঙ্গীকারে তাঁকে ছাড়ার ব্যবস্থা করা হয়েছে৷ আগামী বৃহস্পতিবারের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা৷’
মিজানুর রহমান বলেন, এটি একটি নিবন্ধিত বেসরকারি প্রতিষ্ঠান। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এর অনুমোদন নেওয়া হয়েছে। নিয়োগের আগে কর্মীদের কাছ থেকে টাকা নেওয়া সম্পর্কে তিনি বলেন, ‘প্রশিক্ষণের জন্য টাকা নেওয়া হয়। যেহেতু তাঁরা চাকরি করবেন না, তাই টাকা ফেরত দেওয়ার জন্য সময় নিয়েছি৷’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘বেসিক হেলথ কেয়ার বাংলাদেশকে বদরগঞ্জে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। তারা অবৈধভাবে কার্যক্রম শুরু করে। তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’
কর্মীদের অভিযোগ দুই মাস আগে বেসিক হেলথ কেয়ার পৌর শহরের বিভিন্ন স্থানে বিজ্ঞপ্তি সাঁটায়। কোনো জামানত ছাড়াই মাসে পাঁচ হাজার টাকা বেতনে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা বলা হয়। এপ্রিলের শুরুতে প্রার্থীদের শুধু সাক্ষাৎকার নেওয়া হয়। পরে প্রশিক্ষণের নামে প্রার্থীদের কাছ থেকে এক হাজার ৫০০ টাকা থেকে তিন হাজার ৫০০ টাকা করে নিয়ে নিয়োগ দেওয়া হয়। এতে ৮০ জন কর্মীর কাছ থেকে তাঁরা দুই লাখ ২০ হাজার টাকা নেন। কিন্তু কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। এপ্রিলের মাঝামাঝি বদরগঞ্জ পৌর শহরের ডাক্তারপাড়ায় কার্যালয় খুলে উপজেলায় কার্যক্রম শুরু করেন কর্মকর্তারা।
জাহেদুল ইসলাম, নূরনাহার বেগম ও হাজেরা খাতুন অভিযোগ করেন, ‘আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কথা ছিল গ্রামের গরিব মানুষকে বিনা মূল্যে ওই হেলথ কেয়ারের অধীনে চিকিৎসাসহ ওষুধ দেওয়া হবে।’ আর গত বৃহস্পতিবার সকালে মিজানুর রহমান ও গোলাম রব্বানী বদরগঞ্জের কার্যালয়ে এসে আমাদের বলেন, ‘জনপ্রতি ৩৫০ টাকার বিনিময়ে স্বাস্থ্যসেবার কার্ড সাধারণ মানুষের কাছে বিক্রি করতে হবে। একেকজন কর্মীকে প্রতি মাসে ৩৬টি কার্ড বিক্রি করলে তবেই মাস শেষে পাঁচ হাজার টাকা বেতন দেওয়া হবে। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা ওই দিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মিজানুর রহমান ও গোলাম রব্বানীকে কার্যালয়ে আটক করে রাখেন এবং জমা দেওয়া টাকা ফেরত চান।’
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার পর্যন্ত কর্মীদের টাকা ফেরত দেওয়া হয়নি।