টাকা ফেরত না দেওয়ায় ১১ দিন শিকলবন্দী
বরগুনার আমতলী উপজেলায় জমি বন্ধক রেখে এক লাখ টাকা নিয়ে সময়মতো পরিশোধ করতে না পারায় এক ব্যক্তিকে ১১ দিন ধরে শিকলে বেঁধে গৃহবন্দী করে রাখার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার আমতলী থানার পুলিশ সন্তোষ সরকার (৩৫) নামের ওই ব্যক্তিকে পায়ে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার এবং ঘটনার মূল হোতা মন্টু হাওলাদারকে আটক করেছে।
সন্তোষের পরিবারের দাবি, আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের দিনমজুর সন্তোষ সরকার ধারদেনা পরিশোধের জন্য ২০১৪ সালের মাঝামাঝি একই গ্রামের মন্টু হাওলাদার নামের এক ব্যক্তির কাছে পাঁচ বিঘা জমি বন্ধক রেখে ১ লাখ টাকা নেন। এই দুই বছর ধরে বন্ধক রাখা ওই জমি মন্টু হাওলাদার ভোগদখল করছেন। দুবছরে সন্তোষ বন্ধক বাবদ নেওয়া ১ লাখ টাকার মধ্যে ২৬ হাজার টাকা পরিশোধও করেন। বাকি টাকা গত ১২ চৈত্র পরিশোধের কথা থাকলেও আর্থিক দৈন্যের কারণে কথা রাখতে পারেননি সন্তোষ। এ জন্য সন্তোষ আরও কয়েক দিন সময় চান। কিন্তু মন্টু হাওলাদার এতে ক্ষিপ্ত হন এবং সময় দিতে অপারগতা প্রকাশ করেন। নির্ধারিত দিনে বাকি টাকা পরিশোধ না করায় ২ এপ্রিল পরিবার নিয়ে ঢাকা বসবাসকারী সন্তোষকে ধরে গ্রামে নিয়ে আসেন মন্টু হাওলাদার ও তাঁর লোকজন। এরপর ১১ দিন ধরে তাঁর (সন্তোষ) ডান পা শিকলে বেঁধে সন্তোষকে নিজের বাড়ির একটি কক্ষে আটকে রাখেন মন্টু হাওলাদার।
সন্তোষ বলেন, ‘মন্টুকে ২৬ হাজার টাকা ফেরত দিয়েছি। বাকি টাকা ফেরত দিতে বিলম্ব হওয়ায় মন্টু ও তাঁর শ্যালক ইমরান আমাকে ঢাকা থেকে ধরে এনে আমার পায়ে শিকল বেঁধে একটি অন্ধকার ঘরে ১১ দিন ধরে আটকে রাখেন। আমি বারবার মন্টু ও তাঁর পরিবারের লোকজনের কাছে কাকুতি-মিনতি করে বলেছি আমাকে ছেড়ে দিন। আমি কাজ করে সব টাকা পরিশোধ করব। কিন্তু তাঁরা আমার কথা শোনেননি।’
মন্টু হাওলাদার বলেন, ‘আমাকে টাকা এবং জমি বুঝিয়ে দিচ্ছে না এ কারণে আমি তাকে ঢাকা থেকে ধরে এনে বাড়িতে একটি কক্ষে তালা দিয়ে রেখেছি। কিন্তু পায়ে শিকল দিইনি।’ তবে পায়ে শিকল এল কীভাবে—এমন প্রশ্ন করলে তিনি নিশ্চুপ থাকেন।
আমতলী থানার সহকারী পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, ‘খবর পেয়ে সন্তোষকে মন্টু হাওলাদারের বাড়ির একটি তালা দেওয়া কক্ষ থেকে পায়ে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করেছি। এ সময় বাড়ি থেকে মন্টু হাওলাদারকেও আটক করা হয়।’