টাকা ফেরত পাওয়ার দাবিতে চেয়ারম্যানের বাড়ি ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন মিয়াজর বাড়ি গত শনিবার রাতে ঘেরাও করেছেন স্থানীয় লোকজন।

তাঁদের অভিযোগ, বিদ্যুৎ দেওয়ার কথা বলে চেয়ারম্যান তাঁদের কাছ থেকে টাকা নিয়েছেন কিন্তু সংযোগ দেননি। সোহরাব হোসেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক।

আওয়ামী লীগের একাধিক স্থানীয় কর্মী ও বেলঘর গ্রামের বাসিন্দা বলেন, বেলঘর গ্রামের হাটখোলা বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে ২০১০ সালে সোহরাব ১ লাখ ১৬ হাজার টাকা নেন। ওই বাড়ির ৮৪ জন গ্রাহক পাঁচ বছর অপেক্ষা করেও বিদ্যুৎ পাননি। পরে চেয়ারম্যানকে টাকা ফেরত দিতে বললে তিনি সময়ক্ষেপণ করেন। হাটখোলা বাড়ির হারুনুর রশিদ বলেন, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেনের কাছে তাঁরা গ্রাহকপ্রতি এক থেকে দশ হাজার টাকা করে দেন। ফারুক ওই টাকা নিয়ে সোহরাব চেয়ারম্যানকে দেন। কিন্তু চেয়ারম্যান টাকা আত্মসাৎ করেন।

ফারুক হোসেন বলেন, সোহরাব চেয়ারম্যান টাকা আত্মসাৎ করেছেন। এখন পল্লী বিদ্যুৎ সমিতি এক কিলোমিটারের একটি বিদ্যুতের লাইন নির্মাণ করছে। এ কাজের তদারকি করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মজুমদার।

তবে সোহরাব হোসেন দাবি করেন, কেউ তাঁর বাড়ি ঘেরাও করেননি। মোস্তফা কামালসহ একটি পক্ষ তাঁকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। কয়েক বছর আগে নানা সমস্যায় কাজটি করা যায়নি। কিন্তু এখন বিদ্যুৎ লাইন নির্মাণের কাজ চলছে।

মোস্তফা কামাল বলেন, ‘চেয়ারম্যানের অপকর্মের বিরুদ্ধে মানুষ এখন প্রতিরোধ শুরু করেছে। তিনি অযথা আমাকে দায়ী করছেন।’

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, বাড়ি ঘেরাও ও মিছিলের বিষয়টি স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে জানিয়েছেন। কিন্তু চেয়ারম্যান নিজে কিছু বলেননি।