টাকা ফেরত পেতে দুটি কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন
খুলনায় এহসান সোসাইটি ও এহসান রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা বিনিয়োগ করা টাকা ফেরত পেতে মানববন্ধন করেছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে নগরের পিকচার প্যালেস মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এহসান সোসাইটি ও রিয়েল এস্টেটের ক্ষতিগ্রস্ত কর্মী ও সদস্যদের নিয়ে গঠিত অর্থ আদায় সংগ্রাম কমিটি ওই মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তারা বলেন, সুদমুক্ত বিনিয়োগের কথা বলে ওই দুটি প্রতিষ্ঠান খুলনার গ্রাহকদের কাছ থেকে প্রায় ১১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। খুলনায় এ দুটি প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন এহসান সোসাইটির কেন্দ্রীয় পরিচালক গোলাম রহমান, জেলা সমন্বয়কারী রশিদ আহমাদ ও জেলা ব্যবস্থাপক রবিউল ইসলাম। তাঁরা যোগসাজশ করে ২০০৪ সাল থেকে ওই পরিমাণ টাকা সংগ্রহ করেছেন। এখন তাঁরা টাকা ফেরত না দিয়ে টালবাহানা করছেন। দুই বছর ধরে গ্রাহকদের এভাবে হয়রানি করা হচ্ছে।
বক্তারা আমানতের অর্থ ফেরত পেতে গ্রাহকেরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।