টাকা ফেরত পেলেন নান্দাইলের আমানতকারী
ময়মনসিংহের নান্দাইল উপজেলা ডাকঘরের আমানতকারী মোশাররফ হোসেন তাঁর স্থায়ী আমানতের (ফিক্সড ডিপোজিট) টাকা ফেরত পেয়েছেন। গতকাল সোমবার দুপুরে তাঁকে এই টাকা বুঝিয়ে দেওয়া হয়।মোশাররফ হোসেনকে টাকা বুঝিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সার্কেলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) মো. সাইফুল আলম, ডাকঘর পরিদর্শক সানোয়ার হোসেন প্রমুখ। জানা গেছে, মোশাররফ হোসেন সাভার সেনানিবাস উপডাকঘরে দেড় লাখ টাকার একটি স্থায়ী আমানত হিসাব খোলেন। পরে এ আমানত নান্দাইল উপজেলা ডাকঘরে স্থানান্তর করেন। মেয়াদোত্তীর্ণের পর গত ৪ নভেম্বর তিনি টাকা উঠাতে এই ডাকঘরে যান। পোস্টমাস্টার মো. ইসহাক মিয়া তাঁর কাছ থেকে টাকা তোলার ফরমে দুটি স্বাক্ষর রেখে এক সপ্তাহ পর আসতে বলেন। তবে তাঁকে কোনো রসিদ দেওয়া হয়নি।নির্ধারিত সময়ে মোশাররফ হোসেন আবার ডাকঘরে গেলে তাঁকে নানা অজুহাত দেখিয়ে ঘোরানো হয়। এ নিয়ে তিনি কিশোরগঞ্জ ডাকঘরে যোগাযোগ করে জানতে পারেন, নান্দাইল ডাকঘর কর্তৃপক্ষ তাঁর টাকা ৭ নভেম্বর উত্তোলন করেছে। বিষয়টি জানাজানি হলে ডিপিএমজি ১২ ডিসেম্বর তাঁর কাছ থেকে একটি অভিযোগ গ্রহণ করেন। বিষয়টির ওপর ১৯ ডিসেম্বর প্রথম আলোয় খবর প্রকাশিত হয়। পরে ঊর্ধ্বতন ডাক কর্মকর্তাদের নির্দেশে মোশাররফকে তাঁর আমানতের টাকা বুঝিয়ে দেওয়া হয়। ডাকঘরের একটি সূত্র জানায়, গ্রাহকের অজ্ঞাতে টাকা উত্তোলনের দায়দায়িত্ব পোস্টমাস্টার ইসহাক মিয়া ও পোস্টাল অপারেটর আবদুল হান্নানের ওপর বর্তায়।ডিপিএমজি মো. সাইফুল আলম বলেন, ‘এ ঘটনার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’