টাকা ফেরত পেলেন 'বাংলাদেশি' নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে টাকা ফেরত পেয়েছেন ভারতের বেঙ্গালুরু শহরের একটি বিপণিবিতানের নিরাপত্তাকর্মীদের হাতে নাজেহাল হওয়া কথিত বাংলাদেশি নারী। ঘটনার সময় যে পরিমাণ অর্থ ওই নারীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, সমপরিমাণ অর্থই গত শনিবার তাঁর হাতে তুলে দিয়েছে পুলিশ। খবর দ্য হিন্দুর।
শাহিদা নামের ওই নারীর হাতে পুলিশ যখন অর্থ ফেরত দেয়, তখন কান্নায় ভেঙে পড়েন তিনি। ৩২ বছর বয়সী শাহিদা বলেন, ‘আমি প্রার্থনা করছি, সৃষ্টিকর্তা আপনাদের এই সাহায্যের প্রতিদান দেবেন। আমি কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম, তা ভাষায় প্রকাশ করতে পারব না। গত পাঁচ দিন আমি ঘুমাইনি।...আমার মতো অবস্থা আর কারও যেন না হয়।’
দ্য হিন্দুর খবরে বলা হয়, শাহিদা বাংলাদেশের বাসিন্দা। দুই সপ্তাহ আগে অসুস্থ স্বামী মোহাম্মদ মুজিবর মাতবরকে নিয়ে বেঙ্গালুরু যান তিনি। তাঁকে ভর্তি করান নারায়ণ হৃদয়ালয় হাসপাতালে। সেখান থেকে পাশের একটি বিপণিবিতানে গিয়ে কেনাকাটা শেষে বের হয়ে আসার সময় দুই নারী নিরাপত্তাকর্মী ও মানজুলা নামের এক সমাজকর্মীর হাতে নাজেহাল হন তিনি।
ওই নিরাপত্তাকর্মীদের দাবি অনুসারে, তাঁরা শাহিদার কাছে এক জোড়া চটি পান, যার দাম পরিশোধ করা হয়নি। এরপর তাঁকে তল্লাশির নামে নাজেহাল করেন ওই নিরাপত্তাকর্মীরা।