ঢাকায় বৈঠক: আন্দোলন প্রত্যাহারের আহ্বান, নইলে আইনি ব্যবস্থা
টাকা বরাদ্দের ঘোষণার পরও পাটকলশ্রমিকেরা আন্দোলনে

প্রধানমন্ত্রী পাটকলশ্রমিকদের জন্য যে এক হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন, প্রক্রিয়া শেষ করে তা অর্থ মন্ত্রণালয় থেকে পেতে একটু সময় লাগবে। তাই আপাতত দুই সপ্তাহের বকেয়া মজুরি বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয় থেকে টাকা ছাড় হয়ে এলে অবশিষ্ট বকেয়া টাকা পরিশোধ করা হবে।
গতকাল মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সরকারি বিভিন্ন পাটকলের সিবিএ নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে খুলনার পাটকলগুলোর আন্দোলনরত সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের নেতারা বৈঠকে অংশ নেননি। মন্ত্রণালয়ের সভাকক্ষের বাইরে তাঁরা অবস্থান নেন। পরে অন্য সিবিএগুলোর নেতারা বৈঠক থেকে বের হলে খুলনার শ্রমিকনেতাদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম খুলনা সিবিএ-নন সিবিএ নেতাদের সঙ্গে কথা বলে আজ বিকেলে তাঁদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান। তিনি আন্দোলন প্রত্যাহার করে আজ বুধবারের মধ্যে কাজে যোগ দিতে বলেন। নইলে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি প্রথম আলোকে জানিয়েছেন।
মির্জা আজম প্রথম আলোকে বলেন, এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণার পরও যাঁরা আন্দোলন অব্যাহত রেখেছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকনেতাদের মধ্যে হাতাহাতির বিষয়ে তিনি বলেন, ‘আমি হাতাহাতির ঘটনা শুনেছি।’
এদিকে খুলনা অঞ্চলের পাটকলশ্রমিকেরা গতকালও সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ধর্মঘট ও রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন।
শ্রমিকেরা বলছেন, এর আগেও প্রধানমন্ত্রী পাটকলশ্রমিকদের দাবি বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়কে অর্থ প্রদানের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অর্থ মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেয়নি। তাই পাটকলের ব্যাংক হিসাবে অর্থ প্রবেশ এবং দ্বিপক্ষীয় বৈঠকে চুক্তি সই না হওয়া পর্যন্ত শ্রমিকদের আন্দোলন চলবে।
গতকাল খালিশপুর নতুন রাস্তা মোড়, আটরা গিলাতলা ও যশোর অভয়নগরের রাজঘাট শিল্প এলাকার সাতটি পাটকলের শ্রমিকেরা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন। গতকাল শ্রমিকদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি, খুলনা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহিম বক্স প্রমুখ।
শ্রমিকদের আন্দোলন মেনে না নিলে খুলনায় ট্রাক চলাচল বন্ধ রাখার হুমকি দেন আবদুর রহিম। আর শ্রমিকদের আন্দোলন মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান জোনায়েদ সাকি।
উল্লেখ্য, পাট খাতে প্রয়োজনীয় অর্থ ছাড়, বেতন-কমিশনের মতো অবিলম্বে রাষ্ট্রায়ত্ত শিল্পে শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠন, ১ জুলাই ২০১৩ ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান এবং খালিশপুর, দৌলতপুর, কর্ণফুলী জুট মিলের শ্রমিকদের স্থায়ীকরণ ও সব পাওনা পরিশোধের দাবিতে ৪ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পাটকলশ্রমিকেরা।