টাকা বাধা হতে পারেনি, ভর্তি হয়েছেন হারুন
টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে হারুন অর রশিদের অনিশ্চয়তা কেটে গেছে। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন। আপাতত তাঁকে পড়াশোনার খরচ নিয়েও আর ভাবতে হবে না।
গত বুধবার ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত দিনের সন্ধানে (আদিস)-এর সদস্যরা হারুনকে টাকা দিয়ে ভর্তি করে দেন। অস্ট্রেলিয়াপ্রবাসী সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি তাঁকে বইপত্র ও অন্যান্য খরচের জন্য ১৫ হাজার টাকা দিয়েছেন।
হারুনের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মোহাম্মদপুর গ্রামে। বাবা এজাব আলী দিনমজুর ছিলেন, বর্তমানে অসুস্থ। মা রওশন আরা কৃষিশ্রমিক। সংসারের হাল ধরতে একপর্যায়ে হারুন নির্মাণশ্রমিকের কাজ নেন। এর মধ্যেও তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান।
জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পেয়েছিলেন হারুন। কিন্তু টাকার অভাবে প্রথম তিনটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হারান। পরে শুধু রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ ছিল। টাকার অভাবে তা-ও অনিশ্চিত হয়ে পড়ে।
এ নিয়ে ৪ জানুয়ারি প্রথম আলোয় ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে টাকাই বারবার বাধা হারুনের’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এটি পড়ে দেশ-বিদেশ থেকে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান হারুনের পড়ার খরচ দেওয়ার আশ্বাস দেয়। এদের মধ্যে সুইডেনপ্রবাসী এক বাংলাদেশি স্নাতকোত্তর পর্যন্ত তাঁকে মাসে পাঁচ হাজার করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এক শিক্ষক তাঁর সেমিস্টার ফি দিতে চেয়েছেন।
হারুন অর রশিদ গত শুক্রবার বলেন, ‘ভর্তির সুযোগ পেয়েও আমি এবং আমার পরিবার খুব একটা খুশি হতে পারিনি খরচের চিন্তায়। কিন্তু এখন সেই চিন্তা আর নেই। প্রথম আলোর একটি প্রতিবেদনই হয়তো আমার জীবনযুদ্ধের মোড় ঘুরিয়ে দিল।’
হারুনের বাবা এজাব আলী বলেন, ‘দেশের মানুষ এত আন্তরিক, এত যে ভালো তা আগে বুঝতে পারিনি। আমি প্রাণভরে সবার জন্য দোয়া করছি। আমার ছেলের জন্যও দোয়া চাই।’