টাকা বিলানোর অভিযোগ নাকচ মুস্তফা কামালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খানের পক্ষে টাকা বিলানোর অভিযোগ নাকচ করে দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাংসদ আ হ ম মুস্তফা কামাল। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ নাকচ করেন।কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী নূর-উর-রহমান মাহমুদ তাঁর প্রার্থী নয় বলেও দাবি করেন মুস্তফা কামাল। তিনি বলেন, তিনি স্পষ্ট জানিয়ে দিতে চান যে নূর-উর-রহমান মাহমুদ তাঁর কিংবা দলের প্রার্থী নন।নগরের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সাংসদ নাছিমুল আলম চৌধুরীর ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মুস্তফা কামাল বলেন, ‘আমরা বেঁচে থাকতে বিদ্রোহী দুই মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো পদ পাবে না। নির্বাচনের পরই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’আফজল খানের পক্ষে টাকা বিলানোর অভিযোগ প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, ‘কোনো ধরনের প্রমাণ ছাড়া এ ধরনের বক্তব্য দেওয়া সমীচীন নয়। এটা সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী মনিরুল হকের একটি প্রহসন ও নাটক। এগুলো ভিত্তিহীন অভিযোগ।’প্রসঙ্গত, গত শুক্রবার মেয়র পদপ্রার্থী মনিরুল হক আ হ ম মুস্তফা কামালের বিরুদ্ধে টাকা বিলানোর অভিযোগ করেন।গণসংযোগ: আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খানের পক্ষে গতকাল বিকেলে নগরের সালমানপুর ও চাঙ্গিনী এলাকায় গণসংযোগ করেন মুস্তফা কামাল। আর নগরের চারটি স্থানে গণসংযোগ করেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন।সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী মনিরুল হক নগরের দৈয়ারা, নেউরা, ঢুলিপাড়া ও দিশাবন্দ এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সংগীতশিল্পী আসিফ আকবর ছিলেন।এ ছাড়া জাতীয় পার্টি-সমর্থিত এয়ার আহমেদ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূর-উর-রহমান মাহমুদ ও আনিসুর রহমান নগরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।বৈধ অস্ত্র জমা পড়েছে ১২৮টি: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে থানায় ১২৮টি বৈধ অস্ত্র জমা পড়েছে। পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খান তাঁর রিভলবার এবং সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী মনিরুল হক তাঁর পিস্তল থানায় জমা দিয়েছেন।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, থানায় এসে ১২২ জন অস্ত্র জমা দিয়েছে। থানায় আফজল খানের একটি রিভলবার, আফজল খানের বড় ছেলে মাসুদ পারভেজ খানের একটি বন্দুক, আফজল খানের দ্বিতীয় ছেলে আজম খানের টু টু রাইফেল, আফজল খানের মেয়ে সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী আঞ্জুম সুলতানার স্বামী মিন্টু মিয়ার একটি বন্দুক জমা পড়েছে।সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সহ-সমাজকল্যাণ সম্পাদক কবির হোসেন ভূঁইয়া তাঁর একটি রিভলবার জমা দিয়েছেন।