টাকা বেশি পেয়ে যন্ত্রণা ফিরিয়ে দিয়ে স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক টাকার জন্য প্রাণ কেড়ে নেওয়ার বহু নজির আছে সমাজে। অন্যকে ঠকিয়ে নিজে বড় হওয়ার প্রবণতা ঢুকে গেছে মানুষের মগজে। অসুস্থ প্রতিযোগিতার মধ্যে এখনো সুস্থ মানসিকতার কিছু মানুষ আছেন। তাঁদের নৈতিকতা ও সততা দেখে আমরা হতবাক হই, শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়ে আসে। নীলফামারীর সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের হিসাবরক্ষক সুলতানা মেহেরুন নেছা (৩৫) তেমনই একজন মানুষ। ব্যাংক থেকে অতিরিক্ত টাকা পেয়ে সেগুলো হাপিশ করে দিলে কেউ টেরও পেত না। কিন্তু মেহেরুন বাড়তি ১০ হাজার টাকা নিয়ে মোটেও স্বস্তি পাচ্ছিলেন না। সারা রাত তাঁর ঘুমই হয়নি। পরদিন সকালে কলেজের অধ্যক্ষের কাছে ছুটে যান। ঘটনাটি বিস্তারিত জানান তাঁকে। গত সোমবার সৈয়দপুর শহরের শহীদ জহুরুল হক সড়কে অবস্থিত ন্যাশনাল ব্যাংকের শাখা থেকে কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতনের টাকা তুলতে যান মেহেরুন। টাকা তুলে অফিসে এনে শিক্ষক-কর্মচারীদের বেতন বুঝিয়ে দেন তিনি। সবার বেতন বুঝিয়ে দেওয়ার পরও তাঁর কাছে ১০ হাজার টাকা উদ্বৃত্ত থেকে যায়। কিছুতেই হিসাব মেলাতে পারছিলেন না তিনি। টাকাগুলো অফিসে রেখে দুশ্চিন্তা মাথায় নিয়ে বাড়ি ফেরেন মেহেরুন। বাড়ি তাঁর শহরের বাঁশবাড়ি মহল্লায়। স্বামী নেই, ঘরে দুটি সন্তান। রাতে অনেক ভেবেচিন্তেও কূল-কিনারা করতে পারছিলেন না। হঠাৎ মনে হলো, ব্যাংক থেকে সম্ভবত টাকা বেশি দেওয়া হয়েছে। পরদিন মঙ্গলবার সকালে অফিসে এসেই বিষয়টি তিনি অধ্যক্ষকে জানান। অধ্যক্ষ তাঁকে নিয়ে ব্যাংকে ছুটে যান। মেহেরুন নেছা প্রথম আলোকে বলেন, ‘আসলে বেশি টাকা দেখে আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’ সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ রমজান আলী জানান, সত্ কর্মচারী হিসেবে মেহেরুনের সুনাম আছে প্রতিষ্ঠানে। ন্যাশন্যাল ব্যাংকের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার রাতে আমরা ১০ হাজার টাকার ক্যাশ মেলাতে পারছিলাম না। এ কারণে বিড়ম্বনায় পড়তে হয়েছিল। টাকা ফেরত পেয়ে আমরা মেহেরুনকে অভিনন্দন জানিয়েছি।’