রাজধানীর বনানীতে গৃহকর্ত্রী নাসরিন আক্তার খুনের ঘটনায় গতকাল মঙ্গলবার গৃহকর্মী লিজাকে (২২) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর কাছ থেকে নিহতের মুঠোফোনসহ বেশ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির তিন নিরাপত্তাকর্মীকেও আটক করা হয়েছে।গত সোমবার বনানীর ২৭ নম্বর সড়কের ৭ নম্বর বাসার দোতলার ফ্ল্যাট থেকে নাসরিন আক্তারের (৫৫) জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। ডিবির উপকমিশনার মাহাবুবুর রহমান জানান, লিজাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি খুনের অভিযোগ স্বীকার করেছেন। পুলিশের ধারণা, শুধু অর্থ-সম্পদের জন্যই নাসরিন আক্তারকে হত্যা করা হয়েছে।ডিবি সূত্র জানায়, গতকাল ভোরে বাড্ডার সাঁতারকুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় লিজাকে। তাঁর কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। এই মোবাইল ফোনসেটগুলো নাসরিন আক্তারের। আর উদ্ধার হওয়া টাকাও ওই বাড়ি থেকে লুট করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে ডিবি।গুলশান থানার এসআই মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিজা বলেছেন, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত ছিল। এদিকে ওই বাড়ির নিরাপত্তারক্ষী জসীম উদ্দিন, হাবীব ও এনায়েতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।পুলিশ জানিয়েছে, গত রোববার রাতের কোনো একসময় খুনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের ভাই নিয়াজ মোহাম্মদ লতিফুদ্দৌলা বাদী হয়ে গৃহকর্মী লিজাসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে গতকাল সকালে গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহতের স্বজনেরা জানিয়েছেন, তাঁরা নিশ্চিতভাবেই মনে করেন লিজা এ খুনের সঙ্গে জড়িত। তবে তাঁর সঙ্গে আরও কেউ থাকতে পারে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, অর্থ-সম্পদের লোভেই যে গৃহকর্মী লিজা খুন করেছেন সে ব্যাপারে তাঁরা নিশ্চিত। তবে লুটের পরিমাণ এখনো জানা যায়নি। লিজার বাড়ি ময়মনসিংহে। বনানীর ওই ভাড়া ফ্ল্যাটটিতে তাঁকে নিয়েই থাকতেন নাসরিন। নাসরিনের স্বামী শামস চৌধুরী বেশির ভাগ সময় দেশের বাইরে থাকেন। গত সোমবার বিকেলে গাড়িচালক গৃহকর্ত্রীর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে স্বজনদের বিষয়টি জানান। পরে দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় নাসরিন আক্তারের লাশ পাওয়া যায়।