‘টাকা যায় আ.লীগের নেতাদের পকেটে’

কুড়িগ্রামে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকায় মেগা প্রজেক্ট হয়। ফ্লাইওভার হয়। কিন্তু টাকা যায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের পকেটে। গ্রামবাংলার কোনো উন্নতি হয় না।

মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বন্যাদুর্গত মানুষের চিকিৎসায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিএনপি। এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে রুহুল কবির এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, একটা বন্যা হলেই খেতের ফসল, গবাদিপশু, ঘরবাড়ি সব নদীর পানিতে ভেসে যায়। বানভাসি মানুষ হয় সরকারি রাস্তার ওপর, না হয় স্কুল অথবা অন্য কোথাও আশ্রয় নিয়ে অমানবিক জীবন যাপন করেন। চিকিৎসাসেবা পান না। বন্যার শুরুতে ও পরে চলে ভাঙন। এসব মানুষের পাশে কেউ দাঁড়ান না। তাহলে কোথায় সাধারণ মানুষের উন্নতি, কী উন্নয়ন হচ্ছে?

রুহুল কবির রিজভী আরও বলেন, গ্রামীণ উন্নয়নের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি নিজেই যুদ্ধে অংশগ্রহণ করেন। আওয়ামী লীগ নিজেদের অপকর্ম ঢাকতে তাঁর বিরুদ্ধে অপপ্রচারের নেমেছে। আওয়ামী লীগের নেতাদের ত্রাণ লুটপাটের ঘটনায় চারদিকে মানুষ ছি ছি করছেন। চারদিকে নিন্দা, প্রতিবাদের ঝড় উঠেছে। আওয়ামী লীগের নেতারা জনগণের টাকা বাড়িতে নিয়ে যাচ্ছেন আর বিএনপি নিজেদের টাকা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।

মেডিকেল ক্যাম্পে দুর্গত মানুষকে চিকিৎসাসেবাসহ বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়। সেখানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, স্বাস্থ্যবিষয়ক সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমান ও শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, হাসিবুর রহমানসহ স্থানীয় নেতা-কর্মীরা।