টাকা যেখানে, আওয়ামী লীগ সেখানে: খালেদা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ দুর্নীতি ছাড়া কিছুই করছে না। টাকা যেখানে, আওয়ামী লীগ সেখানে। সব জায়গা থেকেই তারা টাকা খাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে একটি ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ এই ইফতার মাহফিলের আয়োজন করে।
ইফতারের আগে দেওয়া বক্তব্যে বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, আওয়ামী লীগ ছাড়া দেশে আর কেউ ভালো নেই। সত্য কথা বললে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সরকার জনগণের কল্যাণে কিছুই করছে না। রাজধানীতে যানজট, ময়লা-আবর্জনার স্তূপ। মহাসড়কগুলোর দুরবস্থা। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের অধীনে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে, তার সবগুলো দেশে-বিদেশে প্রশ্নবিদ্ধ হয়েছে।
খালেদা জিয়া বলেন, বিএনপি শান্তি চায়। এ জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। বিএনপি যুদ্ধের ডাক দেয়নি। গণতন্ত্রের স্বার্থে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে।
ইফতার মাহফিলে বিএফইউজের একাংশের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, ডিইউজের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ উপস্থিত ছিলেন।