তিন বছরের জন্য টাকা সঞ্চয় রাখতে গতকাল রোববার মানিকগঞ্জ শহরের প্রধান ডাকঘর কার্যালয়ে যান সদর উপজেলার বৃদ্ধ ইউনুস আলী। তবে সঞ্চয় রাখতে গিয়ে তাঁকে পদে পদে বিড়ম্বনার শিকার হতে হয়।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ডাকঘরের ভেতরে ট্রেজারার সাইফুল ইসলামের সঙ্গে বাগ্বিতণ্ডা করতে দেখা যায় ইউনুস আলীকে। এ সময় কথা হলে ইউনুস আলী প্রথম আলোকে বলেন, সঞ্চয় জমাদানের রসিদ (ফরম) বিনা মূল্যে পাওয়ার কথা থাকলেও তাঁকে ৫০ টাকা গুনতে হয়। এরপর দীর্ঘক্ষণ সারিতে অপেক্ষার পর ক্যাশ কাউন্টারে যাওয়ার পর তাঁকে ট্রেজারারের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তিনি বলেন, ‘টাকা জমা দিতে গেলে ট্রেজারার সাত শ টাকা ঘুষ দাবি করেন। আমি পাঁচ শ টাকা দিতে চাইলে তিনি নেননি। পরে আবার ক্যাশ কাউন্টারে পাঠিয়ে দেন।’ তবে দীর্ঘ সারি দেখে সঞ্চয়ের টাকা জমা না রেখেই বাড়ি চলে যান তিনি।
ঘুষ দাবির বিষয়টি অস্বীকার করেছেন ট্রেজারার সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘ওই বৃদ্ধ মিথ্যা অভিযোগ করছেন। সরকারি চাকরি করি, সরকারি বেতন পাই। ঘুষ নিতে যাব কেন?’
ট্রেজারারের কক্ষ থেকে বের হয়ে ডাকঘরের মূল ফটকের সামনে এলে গ্রাহকদের অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এ সময় কথা হলে সদর উপজেলার আমজাদ খানের স্ত্রী তাহমিনা খান বলেন, ‘তিন বছরের জন্য সঞ্চয় হিসাবে টাকা পোস্ট অফিসে রেখেছি। এখানে টাকা জমা দেওয়ার সময়ও উৎকোচ লাগে, টাকা তুলতেও উৎকোচ লাগে।’
জেলা ডাকঘর কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ডাক বিভাগে পাঁচটি স্কিম চালু আছে। এগুলো হলো পরিবার সঞ্চয়পত্র, তিন মাস অন্তর সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র ও ডাকঘর মেয়াদি হিসাব। এর মধ্যে পরিবার সঞ্চয়পত্রে পাঁচ বছরের জন্য এক লাখ টাকা জমা রাখলে গ্রাহককে প্রতি মাসে ৯১২ টাকা লভ্যাংশ (মুনাফা) দেওয়া হয়। একইভাবে তিন মাস অন্তর সঞ্চয়পত্রে তিন বছরের জন্য গ্রাহক তিন মাস পরপর ২ হাজার ৬২২ টাকা, পেনশনার সঞ্চয়পত্রে পাঁচ বছরের জন্য তিন মাস পরপর ২ হাজার ৭৯৩ টাকা, বাংলাদেশ সঞ্চয়পত্রে পাঁচ বছরের জন্য মেয়াদান্তে ৫৩ হাজার ৫৮০ টাকা এবং ডাকঘর মেয়াদি হিসাবে তিন বছরের জন্য মেয়াদান্তে ৩০ হাজার ৪৫৬ টাকা লভ্যাংশ দেওয়া হবে।
অন্তত ১০ জন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ডাকঘরে এসব স্কিম বাবদ সঞ্চয়ের টাকা জমা রাখতে গ্রাহকদের হয়রানির শিকার হতে হচ্ছে। টাকা জমাদানের রসিদ বাবদ গ্রাহকদের কাছ থেকে ৫০ থেকে ২০০ টাকা নেওয়া হয়। আবার সঞ্চয়ের টাকা তোলার সময় গ্রাহকদের কাছ থেকে উৎকোচ নেওয়া হয়ে থাকে।
ডাকঘরের এক কর্মচারী বলেন, সহকারী পোস্ট মাস্টার হায়দার আলীর ইন্ধনে গ্রাহকদের কাছ থেকে এসব উৎকোচ নেওয়া হচ্ছে। আর এই উৎকোচের টাকা কর্মকর্তাদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা হয়ে থাকে। তবে হায়দার আলী বলেন, ‘এসব অভিযোগ সঠিক নয়। উৎকোচ কিংবা ঘুষ লেনদেনের কোনো প্রশ্নই ওঠে না।’
পোস্ট মাস্টার আবদুল জব্বার খান প্রথম আলোকে বলেন, গ্রাহকদের এসব সমস্যার কথা তিনি শুনেছেন। তবে কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।