টাকা লুট করতে নাজির হায়াতকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা লুট করতেই এক নারী তাঁর দুই সহযোগীকে নিয়ে আইনজীবী নাজির হায়াত খানকে হত্যা করেন। শাম্মী ইসলাম নামের ওই নারী ও তাঁর সহযোগী নিতাই রায় ওরফে শাওন এসব তথ্য জানিয়েছেন বলে দাবি করেছে পুলিশ।নাজির হায়াত হত্যার ঘটনায় শাম্মী ও নিতাইকে গত শনিবার রাতে ফরিদপুর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।রাজধানীর ধানমন্ডির ৯/এ সড়কের একটি ফ্ল্যাট থেকে ৩ অক্টোবর হাইকোর্টের আইনজীবী নাজির হায়াতের (৬০) হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ফ্ল্যাটে একাই থাকতেন। এ ঘটনায় তাঁর স্ত্রী সানজিদা খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।শাম্মী ও নিতাইকে গতকাল রোববার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। শাম্মী সাংবাদিকদের বলেন, অনেক দিন ধরে তাঁর সঙ্গে নাজির হায়াতের সম্পর্ক ছিল। দুই বছর তিনি যে বায়িং হাউসে চাকরি করেন, তার মহাব্যবস্থাপক ছিলেন নাজিরের বন্ধু। সেখান থেকে তাঁর সঙ্গে পরিচয়। নাজির ভালো থাকা-খাওয়ার ব্যবস্থার কথা বলে তাঁকে চাকরি থেকে ছাড়িয়ে নেন। তিনি বলেন, তিনি বিবাহিত ও এক সন্তানের জননী। সন্তান নিয়ে জিগাতলায় থাকেন। তাঁর যাবতীয় খরচ জোগাতেন নাজির।শাম্মী আরও বলেন, নাজির বান্ধবীদের নিয়ে দেশে-বিদেশে বেড়াতে যেতেন। এসব তিনি সহ্য করতেন না। কিন্তু কোনো কিছুর প্রতিবাদ করলেই নাজির তাঁকে মারধর করতেন। এ নিয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন। এ জন্য নিতাই ও অনুপ চক্রবর্তী নামের অপর একজনের সঙ্গে পরামর্শ করেন।হত্যার বর্ণনা দিয়ে শাম্মী জানান, পাঁচ-ছয় মাস আগে নাজির ধানমন্ডিতে একটি পৈতৃক বাড়ি বিক্রি করেন। তাঁদের ধারণা ছিল, ওই বাড়ি বিক্রির টাকা নাজিরের কাছে আছে। ২৫ সেপ্টেম্বর নাজির কক্সবাজারে বেড়াতে যান, ফেরেন ৩০ সেপ্টেম্বর বিকেলে। কিছুক্ষণ পর তিনিও ওই ফ্ল্যাটে যান। তিনি মদ্যপান করতে দিলে নাজির কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর তিনি নিতাই ও অনুপকে ডেকে আনেন। তাঁরা তিনজনে মিলে হাত-পা বেঁধে নাজিরকে মারধর করেন ও কয়েকটি ফাঁকা চেকে স্বাক্ষর নেন। মারধরের একপর্যায়ে নাজির মারা যান। এরপর তাঁরা ফ্ল্যাট থেকে টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যান।শাম্মী বলেন, নাজিরকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল না। কিন্তু ধস্তাধস্তির একপর্যায়ে তিনি মারা যান। ফাঁকা চেকে সই নিলেও তাঁরা ওই চেক ভাঙাতে পারেননি। পুলিশ ওই চেকগুলো উদ্ধার করেছে। তিনি বলেন, শেওড়াপাড়ায় থাকার সময় নিতাইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। অনুপ তাঁদের গ্রামের ছেলে, একটি কলেজে এলএলবিতে পড়ে। নিতাই ফরিদপুর রাজেন্দ্র কলেজে এইচএসসিতে পড়ে।ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শাম্মী ও নিতাই হত্যার কথা স্বীকার করেছেন। টাকা লুট করতেই তাঁরা নাজিরকে হত্যা করেন। তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।