টাকা লুটপাটের মূল প্রশ্রয়দাতা অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে গত সাত বছরে হাজার হাজার কোটি টাকা লুটপাটের ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে মূল প্রশ্রয়দাতা বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা চুরির প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত এক নাগরিক সমাবেশে ইমরান এ কথা জানান। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চ সমাবেশটির আয়োজন করে।
এদিকে গতকাল বিকেলে পৃথক সমাবেশে অর্থ লুটপাটের অভিযোগে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে গণসংহতি আন্দোলন।
শাহবাগের সমাবেশে ইমরান বলেন, এই লুটের বিচার করতে গেলে গত সাত বছরে দেশের হাজার হাজার কোটি টাকা লোপাটের মূল প্রশ্রয়দাতা অর্থমন্ত্রীকে বিচারের আওতায় আনতে হবে। কিসের ভিত্তিতে তিনি (অর্থমন্ত্রী) হাজার হাজার কোটি টাকা লোপাটের পর বলে যাচ্ছিলেন, ‘এই টাকা কিছুই না’, এটি আগে খুঁজে বের করতে হবে। যখনই বলা হয়েছে, চার হাজার কোটি টাকা কিছু না, তখনই বাংলাদেশ ব্যাংক লোপাটের নীলনকশা শুরু হয়েছে।
সমাবেশে ভাস্কর রাশা, রবিন আহসান, বাকী বিল্লাহ, সাঈদা সুলতানা প্রমুখ বক্তব্য দেন। সমাবেশের পর বিক্ষোভ মিছিল করেন কর্মীরা।
গণসংহতি আন্দোলন: বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ৮০০ কোটি টাকা তছরুপের দায় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করেছেন। কিন্তু শুধু হল-মার্ক, বিসমিল্লাহ গ্রুপ আর বেসিক ব্যাংকেই ১০ হাজার কোটি টাকার বেশি লোপাট ঠেকাতে ব্যর্থ অর্থমন্ত্রী কোন অধিকারে পদ আঁকড়ে আছেন?
সমাবেশে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য জুলহাসনাইন বাবু, আবুল হাসান রুবেল, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, বাচ্চু ভূঁইয়া, ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক প্রমুখ বক্তব্য দেন।
বিবৃতি: এদিকে রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় পদত্যাগ করা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানসহ জড়িত সবার বিচার চেয়ে যৌথ বিবৃতি দিয়েছেন তিনটি সংগঠনের ছয় শীর্ষ নেতা। তাঁরা হলেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল ও সাধারণ সম্পাদক সমির রঞ্জন দাস; বাংলাদেশ নারী মুক্তি আন্দোলনের সভাপতি ফাতেমা খাতুন ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন এবং গার্মেন্টস শ্রমিক কেন্দ্রের সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক নাসিমা বেগম।