
টাকা লুটের জন্য প্রবীণ আলোকচিত্র সাংবাদিক আফতাব আহমেদকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছেন এ মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচজন। গতকাল সোমবার র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা হত্যাকাণ্ডের বর্ণনা দেওয়ার সময় আফতাব আহমেদের মেয়ে আফরোজ আহমেদ ফুঁপিয়ে কেঁদে ওঠেন। তিনি বলেন, ‘তোরা টাকা-পয়সা সব নিয়ে যাইতি। আমার বাবারে মারলি কেন? বুড়ো মানুষ, অসুস্থ, এমনিতেও বেশি দিন বাঁচতো না।’
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: নিহত আফতাব আহমেদের গাড়িচালক হুমায়ুন কবীর, বেল্লাল হোসেন, হাবিব হাওলাদার, সবুজ ও রাজু। গত বছরের ২৫ ডিসেম্বর রাজধানীর পশ্চিম রামপুরার বাসা থেকে একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্র সাংবাদিক আফতাব আহমেদের (৭৮) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকে হুমায়ুন পলাতক ছিলেন। এই হত্যা মামলার তদন্তভার গত রোববার র্যাবকে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, শুধু টাকা-সম্পদ লুটের জন্যই আফতাব আহমেদকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর গাড়িচালক হুমায়ুনসহ সাতজন জড়িত। তাঁদের মধ্যে রোববার রাতে হুমায়ুন, প্রধান পরিকল্পনাকারী বেল্লালসহ পাঁচজনকে ঢাকা ও গাজীপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। জড়িত অপর দুজন রাসেল ও নিজাম পলাতক।
সংবাদ সম্মেলনে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এ টি এম হাবিবুর রহমান, গোয়েন্দা শাখার পরিচালক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
র্যাব জানায়, ২৪ ডিসেম্বর সন্ধ্যায় হুমায়ুনের সঙ্গে যোগসাজশে বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে দুর্বৃত্তরা বাড়িতে ঢোকে এবং আফতাব আহমেদের কলার চেপে ধরে। তিনি চিৎকার করলে হাত-পা, মুখ চেপে ধরে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা।
সংবাদ সম্মেলনে হুমায়ুন বলেন, গত নভেম্বর থেকে তিনি আফতাব আহমেদের গাড়িচালকের চাকরি নেন। রামপুরার ওই বাসায় আফতাব আহমেদ একাই থাকতেন। ডিসেম্বরে তিনি বাড়িতে পাঠানোর জন্য টাকা চাইলে আফতাব আহমেদ দুই হাজার টাকা দেন। ওই সময় তিনি বেশ কিছু নগদ টাকা দেখেন। ওই দিন সন্ধ্যায়ই বউবাজার এলাকায় সহযোগী বেল্লাল ও হাবিবদের বিষয়টি জানানো হয়। এরপর তাঁরা বাসা ভাড়া নেওয়ার নাম করে ওই বাড়িতে ঢুকে ডাকাতির পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, ২৪ ডিসেম্বর কাজ শেষে বাড়ির ফটকে বসে ছিলেন হুমায়ুন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে বেল্লাল, রাজু, হাবিব, রাসেল, সবুজ ও নিজাম এলে তিনি ফটক খুলে দেন। এরপর তাঁরা চারজন তিনতলায় আফতাব আহমেদের ঘরে ঢোকেন। তিনি চেয়ারে বসা ছিলেন। তিনি জানতে চাইলে বেল্লাল বাসা ভাড়া নেওয়ার জন্য অগ্রিম টাকা দেওয়ার কথা জানান। কথা বলার একপর্যায়ে তাঁর কলার ধরে টাকা-স্বর্ণালংকার কোথায় তা জানতে চান। তিনি চিৎকার করলে বেল্লাল কলার ছেড়ে আফতাবের মুখ চেপে ধরেন। রাসেল, নিজাম ও রাজু তাঁর হাত-পা চেপে বেঁধে ফেলেন এবং গামছা দিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন। লাশ সোফার ওপর রেখে তাঁরা আলমারি থেকে ৬৫ হাজার টাকা ও আফতাবের মুঠোফোন নিয়ে চলে যান। হুমায়ুন ভাগে ১০ হাজার টাকা পেয়েছেন বলে জানান।
র্যাব কর্মকর্তারা জানান, হুমায়ুন সাভারে একটি হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামি। কয়েকবার জেলও খেটেছেন। কিছু যাচাই না করে তাঁকে নিয়োগ দেওয়ায় অতীত অপরাধের জীবন সম্পর্কে কিছু জানতেন না আফতাব আহমেদ।