টাকা সরবরাহে ঘাটতি, সংকটে ২৩টি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ফরিদপুর সোনালী ব্যাংক চাহিদামতো টাকা সরবরাহ করতে পারছে না। এতে জেলার অন্যান্য সরকারি ও বেসরকারি ব্যাংক সংকটে পড়েছে বলে জানিয়েছেন সেগুলোর কর্মকর্তারা।
ব্যাংক কর্মকর্তারা বলেন, ফরিদপুরে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই। এখানে সোনালী ব্যাংকের প্রধান শাখা বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে। জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক সোনালী ব্যাংকের কাছে প্রয়োজন জানিয়ে টাকা নিয়ে থাকে। কিন্তু ঈদুল আজহার আগে চাহিদা অনুযায়ী টাকার সরবরাহ না পেয়ে অন্য ব্যাংকগুলোতে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলায় চারটি সরকারি ব্যাংক ও ১৯টি বেসরকারি ব্যাংকের দুই শতাধিক শাখা রয়েছে।
ফরিদপুর অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক লুৎফর রহমান বলেন, ‘সোনালী ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা না পেয়ে গত মঙ্গল ও গতকাল বুধবার আমাদের দারুণ সংকটে পড়তে হয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে আমরা ১০ কোটি টাকার চাহিদা জানিয়েছি। কিন্তু আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে পাঁচ কোটি টাকা। এর মধ্যে ৩ কোটি ১০ লাখ টাকা গতকাল পর্যন্ত আমাদের সরবরাহ করা হয়েছে।’
ব্যাংকের তারল্য সংকট নিয়ে ফরিদপুরে কর্মরত বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা অভিযোগ করলেও নাম প্রকাশ করতে রাজি হননি। ফরিদপুর সিটি ব্যাংকের এক কর্মকর্তা বলেন, গতকাল বুধবার সকালে সোনালী ব্যাংকে টাকা আনতে গেলে বিকেলে টাকা দেওয়া হবে বলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।
একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক বলেন, ‘ফরিদপুর শহর, বিভিন্ন উপজেলা ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আমাদের ৩৭টি অটোমেটেড টেলার মেশিনের (এটিএম) বুথ রয়েছে। এসব বুথে পাঁচ শ ও এক হাজার টাকার নোট রাখা হয়। কিন্তু সোনালী ব্যাংক এ মানের নোট সরবরাহ না করায় গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন। সোনালী ব্যাংকের এক কর্মকর্তা গত মঙ্গলবার আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বুধবার সমস্যার সমাধান করে দেবেন। কিন্তু সমাধান হয়নি।’
ফরিদপুর সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক লক্ষ্মী নারায়ণ ঘোষাল বলেন, বিভিন্ন ব্যাংক চাহিদার অনুপাতে বেশি টাকা উত্তোলন করায় সাময়িকভাবে এ সংকটের সৃষ্টি হয়েছে। তবে টাকা দিতে সমস্যা হবে না। বুধবার বিকেলের মধ্যেই সমস্যা কেটে যাবে, বরং টাকা উদ্বৃত্ত থাকবে।