টাকা স্থানান্তরের কথা স্বীকার করলেন ডেসটিনির পরিচালক দিদারুল
অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক দিদারুল আলম গতকাল সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি ৮০ কোটি টাকা স্থানান্তরের কথা স্বীকার করেন বলে আদালত সূত্র জানিয়েছে।ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী তাঁর খাস কামরায় দিদারুল আলমের জবানবন্দি নেন। আদালত পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।আদালত সূত্র জানায়, ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে দিদারুল আলম বলেছেন, অবৈধভাবে ডেসটিনি ২০০০ লিমিটেড থেকে অলাভজনক প্রতিষ্ঠান ডেসটিনি ডায়মন্ড বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ অন্যান্য আসামির ব্যাংক হিসাবে টাকা হস্তান্তর করা হয়। পরে তিনিসহ (দিদারুল) অন্য আসামিরা ওই টাকা আত্মসাৎ করেন। তিনি মানি লন্ডারিংয়ের মাধ্যমে ডেসটিনির ৮০ কোটি টাকা স্থানান্তরের কথা স্বীকার করেন।দিদারুলকে ২০ অক্টোবর রাজধানীর মহাখালী ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ২১ অক্টোবর তাঁকে আদালতের মাধ্যমে আট দিনের রিমান্ডে নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। রিমান্ড শেষে গতকাল তাঁকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনিস রহমান।২৫ অক্টোবর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন।দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার গত ৩১ জুলাই রফিকুল আমীন, ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদসহ ২২ জনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে কলাবাগান থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ডেসটিনি ২০০০ লিমিটেড কর্তৃপক্ষ ডেসটিনি ট্রি প্লানটেশন ও ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমে প্রায় চার হাজার কোটি টাকা সংগ্রহ করে। কিন্তু বর্তমানে তাদের দুটি ব্যাংক হিসাবে ৫৬ লাখ এবং চার কোটি ৮৭ লাখ টাকা পাওয়া গেছে। ডেসটিনির পরিচালকেরা ডেসটিনি ট্রি প্লানটেশন থেকে ব্যবস্থাপনা কমিটির সহায়তায় নিজেদের ইচ্ছামাফিক আসামিদের স্বার্থসংশ্লিষ্ট ডেসটিনি গ্রুপের অলাভজনক কোম্পানি/প্রতিষ্ঠানে অবৈধভাবে টাকা স্থানান্তর করে বাকি টাকা তাঁরা মানি লন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাৎ করেছেন।