টাকার অভাবে উন্নত চিকিৎসা হবে না দগ্ধ বৃদ্ধার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছিতে দুস্থ বৃদ্ধ এক নারী অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোতেজা বিবি (৬০) নামে ওই বৃদ্ধার শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত রাজশাহী অথবা ঢাকায় নেওয়ার প্রয়োজন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। কিন্তু টাকার অভাবে তাঁকে উন্নত চিকিৎসা করাতে পারছেন না স্বজনেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বালুভরা ইউপির কোমারপুর গ্রামের বাসিন্দা খোতেজা বিবি। তাঁর স্বামী মকবুল হোসেন বয়সের ভারে কোনো কাজ করতে পারেন না। সহায় সম্পদ বলতে কিছুই নেই। খোতেজা বিবি তাঁর চাচার জমিতে একটি বেড়ার ঘর করে সেখানে বাসবাস করছেন।
গত রোববার সন্ধ্যায় খাতেজা বিবি ঘরে কুপি বাতি জ্বালাতে গেলে তাঁর পরনের কাপড়ে আগুন ধরে যায়। বেড়ার ঘরের ভেতরে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ছুটে গিয়ে খোতেজা বিবির শরীরের আগুন নেভান। বৃদ্ধাকে রাতেই বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনীর আলী আকন্দ বলেন, এই হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর চিকিৎসার ব্যবস্থা নেই। তারপরও এখানে খোতেজা বিবিকে যথাসম্ভব চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃদ্ধার শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী অথবা ঢাকায় নেওয়া জরুরি।
খোতেজা বিবির ছোট বোন খাতুন বলেন, ‘চিকিৎসকেরা আমার বোনের উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী অথবা ঢাকায় নিতে বলেছেন। এতে টাকার দরকার। আমাদের সেই সামর্থ্য নেই।’
স্থানীয় বালুভরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ মোহাম্মদ আয়েন উদ্দিন প্রথম আলোকে বলেন, অগ্নিদগ্ধ খোতেজা বিবি অসহায় ও দুস্থ। তাঁর স্বামী মকবুল হোসেন কোনো কাজ করতে পারেন না। অন্যের সাহায্য-সহযোগিতায় তাঁদের সংসার চলে।