টাকার অভাবে কাজ বন্ধ নেই ওষুধ ও লোকবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার অভাবে বন্ধ রয়েছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ। এর ওপর রয়েছে জনবলের সংকট। এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের চতুর্থতলার চারটি কক্ষে এবং বারান্দায় বহির্বিভাগে চিকিত্সার কার্যক্রম চলছে ঢিমে তালে। সেখানে রোগীদের জন্য কোনো ওষুধ নেই, নেই বসার জায়গাও। ফলে চিকিত্সা নিতে এসে এলাকার লোকজন ভোগান্তির শিকার হয়।উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০০৬ সালের ৫ নভেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সের তিনতলা ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। সাত কোটি ৬০ লাখ ৪১ হাজার ১৪১ টাকা ব্যয়ে নির্মাণাধীন ওই কমপ্লেক্সের কাজ দেড় বছরে সম্পন্ন হওয়ার কথা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার হাতিরপুলের আজাদ কনস্ট্রাকশন নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নির্মাণকাজ বন্ধ। এখনো মাটি ভরাট করা হয়নি। ভবনের ফিনিশিং ও রঙের কাজ বাকি আছে। উপজেলার বামিশা গ্রামের দুলাল মিয়া, ছোট শরীফপুর গ্রামের মনির হোসেন, দত্তপুর গ্রামের আনোয়ার হোসেন ও বাগমারা এলাকার শহীদুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্স না হওয়া পর্যন্ত রোগীদের নিচতলায় চিকিত্সা দেওয়া দরকার। চারতলায় উঠে চিকিত্সা নেওয়া কষ্টসাধ্য ব্যাপার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধিভুক্ত কুমিল্লা জেলার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা শাখার (সিএমএমইউ) নির্বাহী প্রকৌশলী তপন কুমার চৌধুরী বলেন, টাকার অভাবে কাজ বন্ধ রয়েছে। এত দিন অর্থসংকট থাকায় কাজ শুরু করা যায়নি। নতুন করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ করার চিঠি দেওয়া হবে।এদিকে সদর দক্ষিণ উপজেলার চিকিত্সার কার্যক্রম উপজেলা কমপ্লেক্স ভবনের চারতলার চারটি কক্ষে ও বারান্দায় হচ্ছে। সেখানকার চিকিত্সকদের নয়টি পদের মধ্যে পাঁচটিই শূন্য। নেই কোনো আবাসিক ও নারী চিকিত্সক। এখানে রোগীদের বিনা মূল্যে কোনো ওষুধ সরবরাহ করা হয় না।চিকিত্সকেরা জানিয়েছেন, এখানে চিকিত্সক ও কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে ৮১টি পদ রয়েছে। এর মধ্যে ৩৭টি পদই শূন্য। স্বাস্থ্য সহকারীর ৪০টি পদের মধ্যে ২৬টি পদ শূন্য। স্বাস্থ্য ইন্সপেক্টরের দুটি পদের মধ্যে একটি শূন্য। স্যানিটেশন ইন্সপেক্টরের পদ সৃষ্টি হয়নি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বপন কুমার বর্ধন জানান, এ কমপ্লেক্সের জন্য কোনো ধরনের ওষুধ বরাদ্দ নেই। সিভিল সার্জনের দুর্যোগ খাত থেকে কিছু ওষুধ দেওয়া হয়।