টাকার অভাবে চিকিৎসা পাবেন না মুক্তিযোদ্ধা বজল?
একাত্তর সালে লড়াইক্ষেত্রে অস্ত্র ধরেছেন। ধ্বংস করেছেন রাজাকারদের ক্যাম্প। সেই মুক্তিযোদ্ধা এখন টাকার অভাবে বিনা চিকিৎসায় বাড়িতে পড়ে আছেন।
এ অবস্থা মুক্তিযোদ্ধা বজল আহমদের (৭০)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম হাজারবিঘা এলাকার বাসিন্দা। শ্বাসকষ্টজনিত সমস্যাসহ বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে তিনি পাঁচ মাস চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। জটিল অস্ত্রোপচারের জন্য প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। সেই টাকা নেই বলে বাড়ি চলে এসেছেন। বর্তমানে তিনি বিনা চিকিৎসায় দিন কাটছে বজলের।
বজল আহমদের বড় ছেলে আবদুর রহিম বলেন, মুক্তিযোদ্ধা বাবার চিকিৎসার জন্য দুই মাস আগে তাঁরা উপজেলা প্রশাসনের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। কিন্তু এখনো কোনো সাড়া আসেনি।
বজল আহমদ বর্তমানে লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রচার সম্পাদকের দায়িত্বে।
লোহাগাড়ায় মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, একাত্তর সালে চন্দনাইশের দোহাজারী, বান্দরবান, লোহাগাড়ার রাজাঘাটা ও আমিরাবাদে পাক বাহিনী এবং রাজাকারদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেন বজল আহমদ। লোহাগাড়ার রাজঘাটা আজিজুল উলুম মাদ্রাসায় স্থাপিত রাজাকার ক্যাম্প ধ্বংস করেন। তাঁর মতো একজন মুক্তিযোদ্ধা টাকার অভাবে চিকিৎসাসেবা পাবেন না, এটা মেনে নেওয়া যায় না।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বলেন, ‘আমরা বজল আহমদের এ দুর্দিনে তেমন কোনো উপকারে আসতে পারছি না। তাঁর চিকিৎসায় প্রশাসন এগিয়ে এলে ভালো হতো।’
লোহাগাড়ার ইউএনও মো. মাহবুব আলম বলেন, তাঁরা মুক্তিযোদ্ধা বজল আহমদের চিকিৎসায় সহায়তার আবেদন পেয়েছেন। উপজেলা প্রশাসনের বিভিন্ন খাত থেকে তাঁর সুচিকিৎসার জন্য আর্থিক বরাদ্দ দেওয়ার চেষ্টা করছে।