টাকার অভাবে চিকিৎসা বন্ধ মুক্তিযোদ্ধার
এ এইচ এম নজরুল ইসলাম। একজন মুক্তিযোদ্ধা। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে পাঁচ বছর ধরে অসুস্থ। চলাফেরা করতে পারেন না। টাকার অভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসা বন্ধ তাঁর।মুক্তিবার্তায় নাম আছে তাঁর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে মুক্তিযোদ্ধার সনদও দিয়েছেন। তবে গেজেটে নাম ওঠাতে না পারায় ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তিনি। এ হতভাগ্য মুক্তিযোদ্ধার বাড়ি খুলনা নগরের ফুলবাড়িগেট এলাকায়। সরেজমিনে দেখা গেছে, ফুলবাড়ি এলাকায় টিনের ছাউনি দেওয়া একটি নিচু ঘরের অন্ধকার কক্ষে খাটের ওপর শুয়ে আছেন তিনি। নড়াচড়া করতে পারেন না। এ প্রতিবেদন কাছে এগিয়ে গেলে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা সংসদের ভোটে আমি ভোট দিয়েছি। কিন্তু আজও সরকারি গেজেটে নাম না ওঠায় ভাতা পেলাম না। এখন তো আমার সব শেষ, তোমরা ছেলেডার জন্য কিছু একটা করো।’নজরুল ইসলামের পারিবারিক সূত্রে জানা গেছে, ‘নজরুল ইসলাম ১৯৭১ সালে নড়াইলের কালিয়া উপজেলার গাজিরহাট এলাকায় গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। স্বাধীনতার পর মুক্তিবার্তার তালিকার ০৪৭০১০৫০০৪০ নম্বরে তাঁর নাম প্রকাশ হয়। যুদ্ধ শেষে ডাক বিভাগের চাকরিতে যোগ দেন। ১৯৭৩ সালে বিয়ে করেন। ২০০১ সালের ১০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে মুক্তিযোদ্ধার সনদ দেন। এর নম্বর ৪৩৯৬০।’ ২০০৭ সালে নজরুল ইসলামের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সব সঞ্চয় ও জমি বিক্রি করে তাঁর চিকিৎসা চালানো হয়। কিন্তু তিনি আর বিছানা ছেড়ে উঠতে পারেননি। একমাত্র ছেলে নাজমুস সাকিব (২৯) অনেক চেষ্টা করেও চাকরি পাননি। মেয়ে সৈয়দা সাজিয়া আফরিনের চাকরির টাকায় খুব কষ্টে সংসার চলছে। চাকরির টাকা দিয়ে নজরুল ইসলামের চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। সরকারের কাছে ২০০৯ সালের ৯ নভেম্বর তাঁর চিকিৎসা, সরকারি স্বীকৃতি ও ভাতার দাবি জানিয়ে আবেদন করা হয়েছে।নাজমুস সাকিব বলেন, আগে সাহায্যের প্রয়োজন হয়নি। বর্তমানে অর্থাভাবে বাবার চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে। খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাহাবুবার রহমান বলেন, ‘মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম অর্থাভাবে প্রায় বিনা চিকিৎসায় পড়ে আছেন শুনে খুব কষ্ট লাগছে। তাঁর জন্য আমার যা যা করার আছে সবই করব।’