টাকার অভাবে চিকিৎসা মিলছে না তাছলিমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দগ্ধ হাত নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন গৃহবধূ! টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। দুই সপ্তাহ আগে স্বামী ও শাশুড়ি গরম তেল ঢেলে তাঁর ডান হাতটি পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি রংপুরের পীরগাছার কৈকুড়ী ইউনিয়নের নজর মামুদ গ্রামের। গৃহবধূর নাম তাছলিমা আক্তার (২০)।
তাছলিমা এখন সুবিদ গ্রামে বাবার বাড়িতে আছেন। তিনি অভিযোগ করেন, পাশের নজর মামুদ গ্রামের মন্নু মিয়ার (৩০) সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় তাঁর। বিয়ের সময় মন্নুকে শ্বশুরবাড়ি থেকে ৮৫ হাজার টাকা দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর তাঁর ওপর যৌতুক আনার জন্য চাপ দেওয়া শুরু হয়। তাছলিমা তাতে রাজি না হলে চলে নির্যাতন। গত ১৭ অক্টোবর রাত নয়টার দিকে যৌতুকের টাকার জন্য স্বামী ও শাশুড়ি তাঁকে নির্যাতন করেন। একপর্যায়ে শাশুড়ি মমতাজ বেগম গরম তেল তাঁর মুখমণ্ডলে ঢেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি দুই হাতে মুখ ঢাকেন। গরম তেল পড়ে ডান হাতটি পুড়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে পীরগাছা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা পেলেও টাকার অভাবে ওষুধ কিনতে পারছিলেন না। মন্নু মিয়া অভিযোগ অস্বীকার করেছেন।