টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না অগ্নিদগ্ধ শারমিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের গৃহবধূ শারমিন আক্তার (২০)। স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে বাবার বাড়িতে যন্ত্রণায় কাতরাচ্ছেন। টাকার অভাবে তিনি উন্নত চিকিৎসা করাতে পারছেন না।

উপজেলার নয়ানি সাদেকপুর গ্রামেগতকাল মঙ্গলবার শারমিনের বাবার বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি বিছানায় শুয়ে আছেন। কেমন আছেন—জানতে চাইলে শারমিন বলেন, ‘চিকিৎসা নেওয়ার পরও পুরোপুরি সুস্থ হইনি। এখনো ক্ষতস্থানে যন্ত্রণা করে। গায়ে ফোসকা পড়েছে। সব সময় অস্বস্তি লাগছে।’ তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি সুখের সংসার করতে চেয়েছিলাম। কিন্তু টাকার লোভে আমার গায়ে আগুন দিল স্বামী। আমি এর বিচার চাই।’

শারমিনের বাবা সামিউল ইসলাম বলেন, ‘আমার চার মেয়ে এক ছেলে। রিকশাভ্যান চালিয়ে কোনোমতে সাত সদস্যের সংসার চলে। এক বেলা খেলে আরেক বেলার চিন্তা করতে হয়। তার ওপর মেয়ের চিকিৎসা। এখন বাজার করব কী দিয়ে, চিকিৎসার খরচ জোগাব কী করে, চিন্তায় আছি।’

শারমিনের মা তহমিনা বেগম বলেন, ‘শারমিনের চিকিৎসার পেছনে শেষ সম্বল পাঁচ শতক বসতভিটাও বিক্রি করতে হয়েছে। এখন অন্যের জায়গায় থাকতে হচ্ছে। এ ছাড়া সুদের ওপর ৩০ হাজার টাকা নিয়ে চিকিৎসার খরচ চালাচ্ছি।’

শারমিনের পরিবার ও সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, খামার পীরগাছা গ্রামের পোশাকশ্রমিক হামিদুল মিয়ার সঙ্গে গত বছরের জুলাই মাসে শারমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রী নারায়ণগঞ্জের ফতুল্লায় বসবাস করেন। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। গত জানুয়ারি মাসে আরও ১ লাখ টাকা যৌতুক দাবি করেন হামিদুল। শারমিনের বাবার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে হামিদুল তাঁকে মারধর করতেন। গত ২৮ জানুয়ারি শারমিনকে আবারও ১ লাখ টাকা আনতে বলা হয়। এতে অপারগতা জানালে ওই দিন শারমিনের গায়ে আগুন ধরিয়ে দেন হামিদুল। যন্ত্রণায় ছটফট করতে থাকেন শারমিন। অবস্থা বেগতিক দেখে হামিদুল তাঁর চিকিৎসা করান। এভাবে ১৩ দিন কেটে যায়। শারমিনের অবস্থার অবনতি ঘটলে হামিদুল গত ১১ ফেব্রুয়ারি অসুস্থ স্ত্রীকে খামার পীরগাছা গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। মেয়ের অসুস্থ হওয়ার খবর শুনে ওই দিনই সামিউল শারমিনকে আনতে যান। কিন্তু মেয়েকে না দেওয়ায় সামিউল বিষয়টি পুলিশকে জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি জানতে পেরে হামিদুলের বাড়ি থেকে শারমিনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর ১০ মার্চ শারমিন বাবার বাড়িতে যান। এ ঘটনায় সামিউল গত ২১ মার্চ ফতুল্লা থানায় মামলা করেন। ৩১ মার্চ হামিদুলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। 

ওই হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক মারুফুল ইসলাম বলেন, আগুনে শারমিনের কাঁধ থেকে ডান পায়ের তলা পর্যন্ত পুড়ে যায়। তাঁর দেহের ১৬ শতাংশ পুড়ে গেছে। শারমিনের বাঁ পায়ের মাংস কেটে ডান দিকের কোমরে লাগানো হয়েছে।

হামিদুলের দাবি, ‘কিছু টাকা চেয়ে স্ত্রীকে চাপ দিয়েছিলাম। কিন্তু তাঁর গায়ে আগুন দিইনি। শারমিন নিজেই গায়ে আগুন লাগিয়েছেন।’

        এ নিয়ে গত ১৮ মার্চ প্রথম আলোর তৃতীয় পাতায় ‘পোড়া শরীর নিয়ে কাতরাচ্ছেন গৃহবধূ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।