টাকার অভাবে জন্মনিয়ন্ত্রণ কার্যক্রমে স্থবিরতা
পাবনার বেড়া উপজেলায় অর্থের অভাবে জন্মনিয়ন্ত্রণ কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে প্রায় পাঁচ মাস ধরে এ কার্যক্রম পরিচালনার জন্য অর্থ বরাদ্দ না পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে উপজেলায় জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, জন্মনিয়ন্ত্রণের স্থায়ী (বন্ধ্যাকরণ) ও দীর্ঘমেয়াদি পদ্ধতি গ্রহণকারীদের আগ্রহী করে তুলতে দীর্ঘদিন ধরে সরকারি অর্থ-সহায়তা দেওয়া হচ্ছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘ইমপ্রেস্ট ফান্ড’ নামের একটি তহবিল থেকে অর্থ পেয়ে পরিবার পরিকল্পনা কার্যালয় জন্মনিয়ন্ত্রণের স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতিগুলো পরিচালনা করে। বেড়া পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ পদ্ধতি পরিচালনা বাবদ প্রতি মাসে গড়ে প্রায় দেড় লাখ টাকা প্রয়োজন হয়।সূত্র জানায়, বন্ধ্যাকরণ পদ্ধতির মধ্যে রয়েছে পুরুষের ভ্যাসেকটমি ও নারীর লাইগেশন। এসব পদ্ধতি গ্রহণকারী নারী ও পুরুষের প্রত্যেকেই দুই হাজার করে টাকা এবং নারীরা শাড়ি ও পুরুষেরা লুঙ্গি পেয়ে থাকেন। এ ছাড়া পদ্ধতি গ্রহণকারী নারী ও পুরুষকে উৎসাহিত করে অস্ত্রোপচারের জন্য যিনি হাসপাতালে নিয়ে আসেন, তাঁকে দেওয়া হয় ৩০০ টাকা। অপর দিকে দীর্ঘমেয়াদি পদ্ধতির মধ্যে কপারটি (জরায়ুতে পরানো হয়) গ্রহণকারী প্রত্যেক নারীর পেছনে নগদ অর্থ প্রদান ও যাতায়াতসহ মোট ব্যয় হয় ৫৪০ টাকা। আরেক দীর্ঘমেয়াদি পদ্ধতি ইমপ্যানন (হাতের কনুইয়ে স্টিক পরানো) গ্রহণকারী একেকজন নারীর পেছনে ব্যয় হয় প্রায় ৬০০ টাকা। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, বেড়া উপজেলায় প্রতি মাসে ৩০ থেকে ৪০টি স্থায়ী পদ্ধতি, অর্ধশতাধিক ইমপ্যানন এবং শতাধিক কপারটি পদ্ধতি প্রদান করা হয়। সে হিসাবে পদ্ধতি গ্রহীতাদের পেছনে প্রতি মাসে ব্যয় হয় প্রায় দেড় লাখ টাকা। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল জানান, চলতি বছর জুলাইয়ে এ কার্যক্রম বাবদ পাঁচ লাখ টাকা বরাদ্দ পাওয়া গিয়েছিল। সেই টাকায় সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চালানো গেছে। তার পরও কার্যক্রমটি চালু রাখার জন্য জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালকের মৌখিক সম্মতিতে এক ব্যক্তির কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ধার নিয়ে আপাতত কার্যক্রমটি কোনোমতে চালু রাখা গেছে। দ্রুত অর্থ পাওয়া না গেলে ভবিষ্যতে কার্যক্রমটি অনিশ্চয়তার মধ্যে পড়বে। তিনি আরও জানান, কার্যক্রমটি চালু রাখতে ১ ডিসেম্বর উপজেলা প্রশাসনের কাছে পাঁচ লাখ টাকা ধার চেয়ে আবেদন করা হয়েছে।সূত্র আরও জানায়, বেড়ায় এই কার্যক্রমের মাসিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বন্ধ্যাকরণ ৭০টি, কপারটি ৭৯টি ও ইমপ্যানন ১০৫টি। অর্ধেকের কম লক্ষ্যমাত্রা অর্জিত হলে পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাঠপর্যায়ের কর্মীদের বেতন-ভাতা বন্ধসহ তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান আছে। এ কারণে মাঠপর্যায়ের কর্মীরা আতঙ্কে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিবারকল্যাণ সহকারী জানান, আর্থিক সহায়তা না পেলে অনেকেই এ পদ্ধতি গ্রহণে রাজি হবে না। এতে মাঠপর্যায়ের কর্মীদের সমস্যা হবে সবচেয়ে বেশি।