টাকার অভাবে জুড়ী-লাঠিটিলা সড়কের সংস্কারকাজ হয়নি
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের সংস্কারকাজের জন্য দরপত্রপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে বছর খানেক আগে। অথচ টাকার অভাবে নির্ধারিত সময়ে ওই কাজ হয়নি। ফলে এ সড়ক দিয়ে চলাচলকারী লোকজন চরম দুর্ভোগে পড়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুড়ী-লাঠিটিলা সড়কটির দৈর্ঘ্য প্রায় ১১ কিলোমিটার। দীর্ঘদিন ধরে পুরো সড়কটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কারকাজের জন্য চলতি অর্থবছরের (২০১১-১২) শুরুতে দরপত্র আহ্বান করেন। কাজটির ব্যয় নির্ধারণ করা হয় সাড়ে পাঁচ কোটি টাকা। কুলাউড়ার মেসার্স এমআর ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি পায়। গত ৩১ মের মধ্যে কাজটি সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু টাকা না পাওয়ায় কাজটি হয়নি।সরেজমিনে গত সোমবার (২৫ জুন) সকালে দেখা গেছে, উপজেলা সদরের জাঙ্গিরাই চত্বর থেকে শুরু হওয়া সড়কটি প্রধান সড়ক হয়ে লাঠিটিলায় গেছে। প্রধান সড়কের ভবানীগঞ্জ বাজারে উপজেলার একমাত্র বাসস্ট্যান্ডের অবস্থান। সেখান থেকে উপজেলার ফুলতলা, লাঠিটিলা এবং পাশের কুলাউড়া ও বড়লেখা উপজেলা এবং মৌলভীবাজার জেলা সদরে প্রতিদিন বাসসহ বিভিন্ন ধরনের যাত্রীবাহী যান চলাচল করে। সড়কের ডাকঘর, বিজিবি ক্যাম্প চত্বর, ভবানীগঞ্জ বাজার ও গোয়ালবাড়ী বাজার এলাকা ছোট-বড় গর্তে ভরা। বৃষ্টিতে এসব গর্তে পানি জমে গেছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। কাদাজলে ভিজতে হচ্ছে পথচারীদের।বাসচালক বিধান দাশ ক্ষোভের সঙ্গে বলেন, ‘চাইর-পাঁচ বছর ধরি রাস্তাটা এইভাবে পড়ি রইছে। এমপি-উপজেলা চেয়ারম্যান আর বড় বড় সরকারি অফিসাররা অই পথ দিয়া আইন-যাইন। কিন্তু রাস্তাটার চেহারা বদলায় না!’ পথচারী উত্তর ভবানীপুর এলাকার বাসিন্দা ও সমাজকর্মী এম এ মুজিব মাহবুব বলেন, ‘সারা রাস্তা খানাখন্দে ভরা। পানিনিষ্কাশনেরও ব্যবস্থা নেই। একটু বৃষ্টিতেই দীর্ঘ জলাবদ্ধতা সৃষ্টি হয়। বর্ষায় হেঁটে চলাচল করা যায় না। কাদাজলে ভিজে কাপড়চোপড় নষ্ট হয়ে যায়।’ এ ব্যাপারে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও এম আর ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মুহিবুর রহমানের বক্তব্য পাওয়া যাযনি।সওজ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আলীম প্রথম আলোকে বলেন, ‘জরুরি ভিত্তিতে জেলার কয়েকটি সড়কের সংস্কারকাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে পর্যাপ্ত অর্থ মেলেনি। সে কারণে জুড়ী-লাঠিটিলা সড়কের কাজ করানো সম্ভব হয়নি। ভবিষ্যতে কোনো প্রকল্পে এই সড়কে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে। তবে ইট-সুরকি ফেলে সড়কের গর্তগুলো আমরা ভরাট করে দেব।’