টাকার অভাবে তিনজনের মৃত্যুর অনুমতি প্রার্থনা!
‘জন্মের পর থেকেই দুই ছেলে ও এক নাতি (মেয়ের ছেলে) দুরারোগ্য ডুসিনি মাসকুলার ডিসট্রোফি রোগে আক্রান্ত। এদের চিকিৎসা করাতে গিয়ে সব শেষ হয়ে গেছে। তাদের চিকিৎসার ব্যয়ভার আর টানা সম্ভব হচ্ছে না। কোনো পথ না পেয়ে ওষুধের মাধ্যমে তাদের মেরে ফেলার অনুমতি অথবা তাদের চিকিৎসার দায়িত্ব নেন।’
গত বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাথুলী সড়কের বাসিন্দা মো. তোফাজ্জেল হোসেন এভাবেই দুই ছেলে ও এক নাতির মৃত্যুর অনুমতি চেয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে লিখিত এই আবেদন করেন। ভুক্তভোগী তোফাজ্জেল হোসেন শহরের বড় বাজার এলাকায় ফল বিক্রি করেন।
আবেদনের ব্যাপারে জানতে চাইলে গতকাল শনিবার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) মো. খায়রুল হাসান প্রথম আলোকে বলেন, ‘গত শুক্রবার তোফাজ্জেল হোসেনের বাড়িতে গিয়েছি। চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র দেখে জানা গেছে, ওই তিনজন ডুসিনি মাসকুলার ডিসট্রোফি রোগে আক্রান্ত হয়েছে। এটা খুবই বেদনাদায়ক। বিষয়টি মন্ত্রণালয়সহ বিভাগীয় কমিশনারকে জানানো হচ্ছে। মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ সংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়েছে।’
গতকাল তোফাজ্জেল হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তাঁর ভাষ্যমতে, বড় ছেলে আবদুস সবুর (২২) ১০ বছর বয়সে ডুসিনি মাসকুলার ডিসট্রোফি রোগে আক্রান্ত হন। সে সময়ে পায়ের শক্তি হারিয়ে ফেলেন। কয়েক বছর আগে শারীরিক ক্ষমতা হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। তিনি বলেন, রাহিনুল ইসলামের (১৩) শরীরে আট বছর বয়সে এ রোগের লক্ষণ দেখা দেয়। এক বছর আগে একমাত্র মেয়ের ছেলে সৌরভ হোসেন একই রোগে আক্রান্ত হয়।
তিনি আরও বলেন, দুই ছেলেকে ভারতের কয়েকটি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। নিশ্চিত হয়েছেন ডুসিনি মাসকুলার ডিসট্রোফি রোগ হয়েছে তাদের। দেশের কয়েকজন চিকিৎসকও একই কথা বলেছেন। তবে ভারতের এক হোমিও চিকিৎসক তোফাজ্জেল হোসেনকে বলেছেন, দীর্ঘমেয়াদি চিকিৎসায় এ রোগ সারিয়ে তোলা সম্ভব। কিন্তু টাকার অভাবে সেখানে তিনি সন্তানদের নিয়ে যেতে পারছেন না। শেষ চেষ্টা হিসেবে তিনি সেখানে নিয়ে যেতে চান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক এ এস এম মুসা কবির বলেন, এটি একটি জিনগত রোগ। আক্রান্ত ব্যক্তির সাত-আট বছর থেকে হাঁটতে সমস্যা হয়। মাংসপেশি জমাট বাঁধতে শুরু করে। সাধারণত ৩০ বছরের মধ্যে আক্রান্ত রোগী মারা যান। এ রোগের কোনো প্রতিষেধক নেই।