টাকার অভাবে থেমে আছে সেতু নির্মাণের কাজ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ধারাকান্দি গ্রামের লোকজনের নিজেদের টাকায় সুরিয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুটির কাজ আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। গ্রামবাসী এ কথা জানিয়েছেন।সরকারের কোনো উদ্যোগ না থাকায় গত বছরের ফেব্রুয়ারি মাসে গ্রামের মানুষ নিজেদের টাকায় সেতুটি তৈরির উদ্যোগ নেয়। কিন্তু নির্মাণকাজ শেষ করতে কত টাকা লাগতে পারে, সে সম্পর্কে সঠিক কোনো ধারণা না থাকায় বর্তমানে অর্থের অভাবে থেমে আছে গ্রামবাসীর উদ্যোগ। প্রায় ১৭ লাখ টাকা খরচ হয়ে যাওয়ার পরও কাজ শেষ না করতে পেরে গ্রামবাসী হতাশ হয়ে পড়েছে।গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের প্রায় ২০০ পরিবার সেতু নির্মাণের জন্য সামর্থ্য অনুযায়ী টাকা দিয়েছে। কিন্তু পিলার তৈরি করতেই শেষ হয়ে গেছে তাদের সব টাকা।গ্রামবাসী জানান, পাঁচ বছর আগের এক বর্ষায় বাঁশের সাঁকো দিয়ে এই নদী পার হতে গিয়ে ধারাকান্দি গ্রামের নছর উদ্দিন ও তাঁর স্ত্রী মারা যান। এই দম্পতির প্রতি শ্রদ্ধা জানাতে এলাকাবাসী সেতুটির নাম দেন ‘নছর উদ্দিন সেতু’। ধারাকান্দি গ্রামের বাসিন্দা ফজলুর রহমান প্রথম আলোকে জানান, গত সংসদ নির্বাচনের আগে একাধিক প্রার্থী তাঁদের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে গ্রামবাসীকে কথা দিয়েছিলেন সুরিয়া নদীর ওপর সেতুটি তৈরি করে দেবেন। কিন্তু সরকারের তিন বছর চলে যাওয়ার পরও কোনো সম্ভাবনা না দেখা যাওয়ায় গত বছরের ফেব্রুয়ারি মাসে গ্রামবাসী নিজেদের অর্থায়নেই সেতু নির্মাণের কাজ শুরু করে।মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ প্রথম আলোকে জানান, সেতুটির নির্মাণকাজ বন্ধ হয়ে যাওয়ার পর তিনি টিআরের তিন টন চাল বরাদ্দ দিয়ে ওপরে কাঠের তক্তা দিয়ে মানুষের চলাচলের জন্য পাটাতন করে দিয়েছেন।গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান বলেন, ‘আমিও আমার এক মাসের সম্মানী এই সেতু নির্মাণের জন্য গ্রামবাসীকে দিয়েছি। এ ছাড়া সরকারিভাবে কিছু অনুদান দিয়েছি।’