টাকার অভাবে থেমে গেছে নালা নির্মাণের কাজ
অর্থের অভাবে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় নালা নির্মাণের কাজ বন্ধ হয়ে গেছে। দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম খাজানগরের চাতালগুলোর পানি নিষ্কাশনের জন্য এক হাজার ৫০০ মিটার দীর্ঘ এই নালাটি নির্মাণ করা হচ্ছিল।
ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, বরাদ্দের কোনো অর্থ না পাওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বরাদ্দ না থাকার বিষয়টি সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সওজের কুষ্টিয়া কার্যালয় থেকে জানা গেছে, বর্ষাকালে খাজানগর এলাকার চাতালগুলোর জলাবদ্ধতা নিরসনের জন্য সওজের অধীনে ২০১২-১৩ অর্থবছরে দেড় কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া-আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের খাজানগর চালের মোকাম এলাকায় নালা নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। ফ্রেন্ডস এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দরপত্রের কার্যাদেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি মেসার্স নূরুল ইসলাম কনস্ট্রাকশন নামের আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে কার্যাদেশ বিক্রি করে দেয়। ২০১৩ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা ছিল।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, বেশ কয়েকটি চাতালের ভেতর দিয়ে নালা করা হয়েছে। এর আশপাশে যত্রতত্র মাটি পড়ে আছে। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন চালকলের মালিক, শ্রমিক এবং মোকামে চাল কিনতে আসা লোকজন। নির্মাণকাজের প্রায় ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। অনেক স্থানে নালার ওপর পাটাতন দেওয়া হয়নি।
চাল বহনকারী একটি ট্রাকের চালক আবদুল লতিফ বলেন, নালা তৈরির নির্মাণসামগ্রী যত্রতত্র পড়ে থাকায় ট্রাক চালাতে সমস্যা হচ্ছে। একটি ট্রাক দাঁড়িয়ে থাকলে আরেকটি বের হতে পারে না। স্থানীয় চা বিক্রেতা ফরিদুল ইসলাম বলেন, হঠাৎ করে ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছেন। বর্ষা মৌসুমে এই নালা ভরাট হয়ে যেতে পারে।
জেলা চালকল মালিক সমিতির সভাপতি ও বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, ধান-চালের ট্রাক চাতালে নিতে খুব সমস্যা হচ্ছে। স্বাভাবিক যাতায়াতেও ভোগান্তি হচ্ছে।
নালা নির্মাণের কাজ বন্ধ রাখার ব্যাপারে জানতে চাইলে নূরুল ইসলাম কনস্ট্রাকশনের ব্যবস্থাপক মমিনুর রহমান বলেন, ‘নিজস্ব তহবিল থেকে কাজ শুরু করেছিলাম। কিন্তু বিল না পাওয়ায় কাজ চালিয়ে রাখা সম্ভব হচ্ছে না। মাঝপথে এসে বিপদে পড়ে গেছি। তাই কাজ বন্ধ রেখেছি।’
সওজ কুষ্টিয়ার উপসহকারী প্রকৌশলী খাদেমুল ইসলাম বলেন, টাকা না পেয়ে ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। এ ব্যাপারে একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।